আফগানিস্তানে তালেবান হামলায় ১২৬ সেনা নিহত
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:১৬ এএম, ২২ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার
আফগানিস্তানের পূর্বাঞ্চলে ময়দান শহরে একটি ঘাঁটিতে তালেবান হামলায় অন্তত ১২৬ জন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন। দেশটির কর্তৃপক্ষ এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করেছে।
আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, ওয়ারদাক প্রদেশের রাজধানী ময়দান শহরে নিরাপত্তা বাহিনীর ঘাঁটিতে প্রথমে এক আত্মঘাতী গাড়ি বোমা হামলা চালানো হয়। এর পরপরই সেখানে ৩ সশস্ত্র হামলাকারী টানা গুলি চালায় বলে জানিয়েছে দ্য ইন্ডিপেন্ডেন্ট ও আল-জাজিরা।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, একটি সামরিক ঘাঁটি ও পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে চালানো হামলায় অন্তত ১২৬ জন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে তিনি আশঙ্কা করেন।
এ ঘটনার কিছু পর হামলার দায় স্বীকার করেছে দেশটির বিদ্রোহী জঙ্গিগোষ্ঠী তালেবান বাহিনী।
ময়দান শহর রাজধানী কাবুল থেকে প্রায় ৪৪ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। ময়দান শহরের জনস্বাস্থ্য বিভাগের প্রধান সালেম আসগারখলিল জানিয়েছেন, তালেবান হামলায় হতাহতদের অনেককে প্রাদেশিক হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে যাদের অবস্থা বেশি শঙ্কটাপন্ন, তাদের উন্নত চিকিৎসার জন্য কাবুলে পাঠানো হয়েছে।
ওয়ারদাক প্রদেশের নিকটবর্তী লোগার প্রদেশে তালেবান হামলায় আফগান নিরাপত্তা বাহিনীর ৮ সদস্য নিহত হওয়ার একদিন পরই ভযাবহ এ হামলার ঘটনা ঘটলো।
