শুক্রবার   ১৩ মার্চ ২০২৬   ফাল্গুন ২৮ ১৪৩২   ২৪ রমজান ১৪৪৭

বিড়াল হত্যার দায়ে মালয়েশিয়ায় দুই বছর কারাদণ্ড

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৫:৫৫ পিএম, ২১ জানুয়ারি ২০১৯ সোমবার

বিড়াল হত্যার দায়ে এক ট্যাক্সি ড্রাইভারের দুই বছর কারাদণ্ড দিয়েছে মালেশিয়ার আদালত। বৃহস্পতিবার দেশটির আদালত এ রায় দেয়।

অভিযোগে বলা হয়েছে, গত সেপ্টেম্বরে একটি বিড়ালকে ওই ট্যাক্সি ড্রাইভার ওয়াশিং মেশিনে ফেলে হত্যা করেছে।

ওয়াশিং মেশিনে বিড়ালটি মারা যাওয়ার দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে দেশজুড়ে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়। খবর ভয়েস অব আমেরিকার।

ঘটনার বিবরণীতে বলা হয়, গত সেপ্টেম্বরে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের একটি লন্ড্রিতে দুই লোক প্রবেশ করে। এরপর একটি বিড়ালকে ওয়াশিং মেশিনে ফেলে মেশিনটি চালু করে তারা চলে যায়।

দোকানটির সিসিটিভি ফুটেজে এ ঘটনাটি ওঠে এসেছে। সিসিটিভি থেকে ওই দুই ব্যক্তিকে শনাক্ত করে তাদের গ্রেফতার করেছে মালয়েশিয়ান পুলিশ।

বিড়াল হত্যার দায়ে অভিযুক্ত ট্যাক্সি ড্রাইভারের নাম মোহর রাজ। ৪২ বছর বয়সী মোহন রাজ এতদিন আদালতে অভিযোগ অস্বীকার করলেও তার অপরাধ স্বীকার করে, যার ফলে আদালত তাকে দুই বছরের সাজা প্রদান করে।

মালয়েশিয়ায় প্রাণি হত্যার সর্বোচ্চ শাস্তি তিন বছর নির্ধারিত আছে।

মালয়েশিয়ার স্থানীয় একটি পত্রিকায় বলা হয়েছে, মোহন রাজ আদালতে তার স্বীকারোক্তিতে প্রাণি হত্যার জন্য দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে সামনে আর এমন কাজ না করার অঙ্গীকার করেছেন।