তিস্তা শুকিয়ে যাওয়ার পেছনে সিকিমের ভূমিকা নেই: মুখ্যমন্ত্রী পবন
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৫:২১ পিএম, ২১ জানুয়ারি ২০১৯ সোমবার
বাংলাদেশের তিস্তা নদীর উৎপত্তি ভারতের পার্বত্য অঙ্গরাজ্য সিকিম থেকে। সিকিম তিস্তার উৎস নদীতে একের পর এক জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করায় বাংলাদেশের উত্তরাঞ্চলে এ নদীর প্রবাহ ক্রমশ শুকিয়ে যাচ্ছে।
কিন্তু পরিবেশবিদ ও বিজ্ঞানীদের এ দাবি মানতে নারাজ সিকিমের মুখ্যমন্ত্রী পবন কুমার চামলিং। খবর বিবিসির।
পবন কুমার চামলিং বলেন, শুকিয়ে যাওয়ার পেছনে তাদের কোনো ভূমিকা নেই। বস্তুত 'তিস্তার উৎস নদীতে একেবারেই পানি নেই' - এ যুক্তি দেখিয়েই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিগত বেশ কয়েক বছর ধরে প্রস্তাবিত তিস্তা চুক্তির বিরোধিতা করে আসছেন।
সিকিমের মুখ্যমন্ত্রী বলেন, আমরা যেভাবে জলবিদ্যুৎ প্রকল্পগুলো বানিয়েছি, তাতে নদীর পরিবেশ বা বাস্তুতন্ত্রের কোনো ক্ষতি হয়নি বললেই চলে।
তিনি আরও বলেন, সিকিম এতটাই দায়িত্বশীলভাবে তিস্তার ওপর বিভিন্ন জলাধার ও বাঁধ নির্মাণ করেছে যে, তাতে গোটা রাজ্যের মাত্র সাতটি পরিবারকে আশ্রয়চ্যুত হতে হয়েছে।
তিস্তার ভাটি অঞ্চলের (পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ) উদ্বেগের প্রতিও সিকিম সবসময় খেয়াল রেখে চলছে বলে দাবি মুখ্যমন্ত্রী চামলিংয়ের। তবে তিস্তা চুক্তি নিয়ে তিনি সরাসরি কোনো মন্তব্য করেননি।
সিকিমের মুখ্যমন্ত্রী যা-ই বলুন, বিশেষজ্ঞরা অনেকেই মনে করছেন ওই রাজ্যের অসংখ্য জলবিদ্যুৎ প্রকল্পের কারণে তিস্তার অপূরণীয় ক্ষতি হয়েছে।

