পরমাণু নিরস্ত্রীকরণ চিরতরে বন্ধের হুশিয়ারি উত্তরের
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৬:১৮ পিএম, ১৭ ডিসেম্বর ২০১৮ সোমবার
যুক্তরাষ্ট্রকে পরমাণু নিরস্ত্রীকরণ চিরতরে বন্ধ করে দেয়ার হুশিয়ারি দিয়েছে উত্তর কোরিয়া। সেইসঙ্গে ফের পারমাণবিক অস্ত্র কর্মসূচিতে ফেরার হুমকিও দিয়েছে।
সোমবার নতুন করে সরকারের তিন শীর্ষ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করায় ওয়াশিংটনকে এই কঠোর হুশিয়ারি দেয় পিয়ংইয়ং।
এক বিবৃতিতে নতুন নিষেধাজ্ঞার নিন্দার পাশাপাশি তাদের ওপর অতিরিক্ত চাপ প্রয়োগের অভিযোগ করেছে দেশটির কর্তৃপক্ষ। খবর রয়টার্সের।
কোরীয় উপদ্বীপকে পারমাণবিক নিরস্ত্রীকরণের লক্ষ্যে গত জুনে ঐতিহাসিক এক বৈঠকে সিঙ্গাপুরে বসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। কিন্তু পরিস্থিতির খুব বেশি অগ্রগতি দেখা যায়নি।
উত্তর কোরিয়া পারমাণবিক কর্মসূচি স্থগিত এবং কয়েকটি পরীক্ষাগার ধ্বংস করলেও দেশটির ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা এখনও বহাল রয়েছে।
পরিপূর্ণ পারমাণবিক নিরস্ত্রীকরণ যাচাই-বাছাইয়ের পর শুধু নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে বলে জানিয়েছে ওয়াশিংটন। কিন্তু পিয়ংইয়ং যুক্তরাষ্ট্রের এ দাবিকে ‘গুণ্ডার মতো’ দাবি বলে নিন্দা জানিয়েছে।
ট্রাম্প ও কিমের সিঙ্গাপুর শীর্ষ বৈঠকের পর আগামী জানুয়ারি বা ফেব্র“য়ারি মাসেই দ্বিতীয়বার বৈঠকের কথা রয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও জোর চেষ্টা করে যাচ্ছেন।
সোমবার যুক্তরাষ্ট্র জানায়, মানবাধিকার লঙ্ঘনের দায়ে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের এক সহযোগীসহ তিন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞার আরোপ করেছে ওয়াশিংটন। এর কয়েক ঘণ্টা পরই এর প্রতিক্রিয়া জানায় পিয়ংইয়ং।
বছরের পর বছর ধরে উত্তর কোরিয়া দেশের অর্থনীতির পাশাপাশি তাদের পারমাণবিক সক্ষমতা অর্জনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিল।
