শুক্রবার   ১৩ মার্চ ২০২৬   ফাল্গুন ২৮ ১৪৩২   ২৪ রমজান ১৪৪৭

জাহিদ আকবরের কথায় ফিরলেন রুমি

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৬:৪৫ পিএম, ২০ জানুয়ারি ২০১৯ রোববার

শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী আরেফিন রুমি দুই বছর আগে গানে কণ্ঠ দিয়েছিলেন। মাঝে আর নতুন গানে তাকে খুঁজে পাওয়া যায়নি। বিরতির পর গীতিকার জাহিদ আকবের লেখা নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন আরেফিন রুমি। গানটির শিরোনাম ‘তোমাকেই দেখে যাই’।

এই গানটিতে কণ্ঠ দেয়ার পাশাপাশি সুর-সংগীত আয়োজন করেছেন আরফিন রুমি নিজেই। এরই মধ্যে শেষ হয়েছে গানটির রেকর্ডিং এর কাজ। রোববার বিটিভির জনপ্রিয় অনুষ্ঠান ‘পরিবর্তন’-এ প্রচারিত হবে এই গানটি। রাত ১০টার ইংরেজি সংবাদের পর শুরু হবে অনুষ্ঠানটি।

গানটি নিয়ে রুমি বলেন, অনেকদিন পর নতুন গান নিয়ে ভক্তদের কাছে ফিরলাম। সুর-গায়কীতে নতুনত্ব পাবেন শ্রোতারা। জাহিদ ভাই অসাধারণ কিছু কথায় ‘তোমাকেই দেখে যাই’ গানের কথা লিখেছেন। আশা করছি, শ্রোতাদেরও ভালো লাগবে।

 

গানটির গীতিকবি জাহিদ আকবর বলেন, রুমির সঙ্গে আমার গানের রসায়ন সব সময়ই ভালো। যেমনটা চেয়েছি তেমন করেই গানটি তৈরি করেছে রুমি। একেবারে নতুন এক গায়ক রুমিকে শ্রোতারা পাবেন এই গানে। আর ‘পরিবর্তন’র উপস্থাপক আনজাম মাসুদ ভাইকে ধন্যবাদ আমাদের দুজনকে আবারো একসঙ্গে গান করার প্লাটফর্মটি করে দেয়ার জন্য।

উল্লেখ্য, আরেফিন রুমির গাওয়া শ্রোতাপ্রিয় ‘তোমার চোখে আকাশ আমার চাঁদ উজার পূর্ণিমা, ভেতর থেকে বলছে হৃদয় তুমি আমার প্রিয়তমা’ গানটির গীতিকার জাহিদ আকবর। শাহীন কবির টুটুল পরিচালিত ‘এইতো ভালোবাসা’ ছবিতে ‘ফাঁদ পাতা এই শহরটা’, অনন্য মামুন পরিচালিত ‘মোস্ট ওয়েলকাম’ ছবিতে ‘ভেজা ভেজা হাওয়া’ গানটি ছাড়াও জাহিদ আকবরের কথায় বেশ কিছু গানে কণ্ঠ দিয়েছেন আরেফিন রুমি।