মনোনয়নপত্র জমা দিলেন অপু
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৬:৪৪ পিএম, ২০ জানুয়ারি ২০১৯ রোববার
একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে অপু বিশ্বাস মনোনয়ন প্রত্যাশী। এ লক্ষ্যে ঢাকাই চলচ্চিত্রের ‘বিউটি কুইন’ খ্যাত এই অভিনেত্রী রোববার দুপুরে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
অপু বিশ্বাস এক দশকের বেশি সময়ে প্রায় ১০০টি সিনেমায় অভিনয় করেছেন। দর্শকদের উপহার দিয়েছেন বেশ কিছু ব্যবসাসফল সিনেমা। এবার রাজনৈতিক মাঠেও সরব ছিলেন তিনি। নির্বাচনে বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের হয়ে প্রচারণায় অংশ নিতে তাকে দেখা গেছে।
গেল ১৫ জানুয়ারি মনোনয়নপত্র ক্রয় করেন অপু বিশ্বাস। তিনি বলেন, নিজেকে রাজনীতির সঙ্গে জড়ানো ও মুক্তিযুদ্ধের স্বপক্ষে থাকতে পারাটা আমার জন্য বিশাল সৌভাগ্য বলেই মনে করি। মনোনয়ন ফরম জমা দিয়েছি, এখন বাকিটা ওপরওয়ালার ইচ্ছা।
অপু আরো বলেন, আমি নারী ও শিশুদের নিয়ে কাজ করতেই রাজনীতির মাঠে নেমেছি। কারণ আমি এই বিষয়টার সঙ্গে সরাসরি জড়িত। আমাকে ও আমার সন্তানকে বিষয়টি নিয়ে সাফার করতে হয়েছে। আমি বুঝি একজন নারীকে কতটা সমস্যায় পড়তে হয়।
তিনি বলেন, নারী ও শিশুদের বিভিন্ন সমস্যায় তাদের পাশে দাঁড়াতে চাই। আমাদের মমতাময়ী মা মাননীয় প্রধানমন্ত্রী যাকে যোগ্য মনে করবেন তাকেই কাজ করার সুযোগ দিবেন।
বর্তমানে অপু বিশ্বাস ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। দেবাশীষ বিশ্বাস পরিচালিত এ সিনেমায় অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করছেন বাপ্পি চৌধুরী।
এছাড়া কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর লেখা ‘শর্টকাট’ নামে সিনেমায় অভিনয় করছেন অপু বিশ্বাস। সুবীর মণ্ডল পরিচালিত এ সিনেমায় অপুর বিপরীতে অভিনয় করছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চ্যাটার্জি।
