শুক্রবার   ১৩ মার্চ ২০২৬   ফাল্গুন ২৮ ১৪৩২   ২৪ রমজান ১৪৪৭

ভূমধ্যসাগরে জাহাজডুবি: ১৭০ জনের মৃত্যুর শঙ্কা

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৬:৩৭ পিএম, ২০ জানুয়ারি ২০১৯ রোববার

ভূমধ্যসাগরে দু’টি পৃথক জাহাজডুবির ঘটনায় প্রায় ১৭০ জন অভিবাসী নিখোঁজ হয়েছেন। আশঙ্কা করা হচ্ছে নিখোঁজ অভিবাসীদের সকলেরই মৃত্যু হয়েছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ‘ইউএনএইচসিআর’ শনিবার এক সংবাদ বিবৃতিতে এ খবর জানিয়েছে।

পশ্চিম ভূমধ্যসাগরের ‘আলবোরান সাগর’ অংশে অভিবাসীদের বহনকারী একটি জাহাজডুবির ঘটনায় প্রায় ৫৩ জন অভিবাসীর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে ইউএনএইচসিআর।

এদিকে ইতালিয় নৌ-বাহিনী লিবিয়া উপকূলে ১১৭ জন যাত্রীবাহী আরেকটি জাহাজডুবির খবর নিশ্চিত করেছে। মরোক্ক ও স্পানিশ কর্তৃপক্ষ ভূমধ্যসাগরের পশ্চিম উপকূলে হারিয়ে যাওয়া সেই জাহাজের খোঁজ করছে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মুখপাত্র ফ্লাবিও ডি গিয়াসোমো বলেন, এ জাহাজ ডুবির ঘটনায় ৩ জন যাত্রী প্রাণে বেঁচে গেছেন। তারা জানিয়েছেন, লিবিয়া থেকে যাত্রা করা ওই জাহাজে মোট ১২০ জন অভিবাসী ছিলেন।

ইউএনএইচসিআর জানিয়েছে, তারা এখনো এ জাহাজডুবির ঘটনা দু’টিতে মোট মৃত্যুর সংখ্যা নিয়ে নিশ্চিত না।

জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থাটির হাই কমিশনার ফিলিপ্পো গ্রান্ডি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, ইউরোপ যাওয়ার পথে গত বছর সর্বোচ্চ সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে। আমরা সব দেখেশুনে চোখ বুজে থাকতে পারি না। সাগরে এমন মৃত্যুর মিছিল থামাতে হলে আমাদের সব ধরনের চেষ্টা করা উচিত।

উল্লেখ্য, ২০১৮ সালে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধ ভাবে ইউরোপ যাওয়ার চেষ্টায় ২ হাজার ২৬২ জনের বেশি অভিাবসীর মৃত্যু হয়েছে।