ক্যান্টিনে ১৩ ওয়েটার পদে ৭ হাজার স্নাতক প্রার্থী!
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৬:৩৬ পিএম, ২০ জানুয়ারি ২০১৯ রোববার
ভারতের একটি সরকারি ক্যান্টিনে ১৩ জন ওয়েটার নেয়া হবে। যোগ্যতা চাওয়া হয়েছে চতুর্থ শ্রেণি পাস। তাতে আবেদনপত্র জমা পড়েছে ৭ হাজার। আর তাদের বেশিরভাগই স্নাতক ডিগ্রি পাস। ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদন এ তথ্য জানিয়েছে।
তবে মহারাষ্ট্র সরকার শেষ পর্যন্ত ১৩টি পদে ১২ জন স্নাতক এবং একজন উচ্চ মাধ্যমিক পাস করা আবেদনকারীকে নিয়োগ দিতে যাচ্ছে।
মহারাষ্ট্র সরকার বলছে, একটি ক্যান্টিনে সম্প্রতি ১৩টি ওয়েটারের পদ খালি হয়। সেই খালি পদে লোক নিয়োগ দিতে বিজ্ঞাপন দেয় সরকার। আবেদনকারীদের যোগ্যতা চতুর্থ শ্রেণি পাস চাওয়া হলেও প্রায় ৭ হাজার স্নাতক পাস এই পদের জন্য আবেদন করে।
এ জন্য গত বছর ডিসেম্বরে ১০০ নম্বরের একটি লিখিত পরীক্ষাও নেয়া হয়। নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে আটজন পুরুষ ও পাঁচজন নারী প্রার্থীকে নিয়োগ দেয়া হয়েছে ক্যান্টিনের ওয়েটার পদে। তার মানে এখন চতুর্থ শ্রেণি পাসের পরিবর্তে ক্যান্টিনের টেবিল পরিষ্কার করবেন স্নাতকরা।
এদিকে এই নিয়োগের পর সমালোচনায় মুখে পড়ে ভারত সরকার। ভারত সরকারের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে বিরোধী দল নেতা ধনঞ্জয় মান্ডে বলেন, মন্ত্রী ও আমলাদের লজ্জা হওয়া উচিত। মন্ত্রীদের অনেকের থেকে বেশি শিক্ষিত এই ১৩ জন। তাদেরকে দিয়ে কাজ করাতেও লজ্জা হওয়া উচিত মন্ত্রী ও আমলাদের।
ভারতে চাকরির কী অবস্থা, এতেই বিষয়টি পরিষ্কার হয়। তবে চতুর্থ শ্রেণি পাসের বদলে স্নাতকদের ক্যান্টিনে ওয়েটার পদে নিয়োগের ঘটনা খুবই দুর্ভাগ্যের বলেও মন্তব্য করেছেন অনেকেই।
