১২০০ বছরের পুরনো ক্যালিগ্রাফি নিয়ে চীনের ক্ষোভ
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১২:২০ পিএম, ১৮ জানুয়ারি ২০১৯ শুক্রবার
১২০০ বছরের একটি পুরনো ক্যালিগ্রাফি জাপানের টোকিওর ন্যাশনাল মিউজিয়ামে ধার দেয়ার সিদ্ধান্ত নিয়েছে তাইওয়ানের ন্যাশনাল প্যালেস মিউজিয়াম। আর এ নিয়ে ক্ষোভ প্রকাশ করছে চীন।
'রিকুইয়াম টু মাই নেফিউ' নামে ক্যালিগ্রাফিটি এঁকেছিলেন ইয়ান ঝেনকিং নামে এক ব্যক্তি, যাকে মনে করা হয় চীনের একজন মহান ক্যালিগ্রাফার।
তিনি ৭০৯-৭৮৫ খ্রিস্টাব্দের মধ্যে বেঁচে ছিলেন। তার ভাইয়ের ছেলে মারা যাওয়ার পর ইয়ান ঝেনকিং লিখেছিলেন এ ক্যালিগ্রাফিটি।
চাইনিজ ইউনিভার্সিটি অব হংকংয়ের একজন অধ্যাপক টং কাম টাং বলেন, ইয়ান ঝেনকিং চীনের খুব সুপরিচিত একটা নাম। আর ওই মাস্টারপিসটি ইয়ান ঝেনকিং একটা খসড়া আকারে করেছিলেন।
এই শিল্পকর্মটি কয়েকশ বছর ধরে চীন সংরক্ষণ করে রেখেছিল। ১৯৪০ সালে তাইওয়ান অন্যান্য শিল্পকর্মের সঙ্গে এটি নিয়ে যায়।
সেই থেকে তাইওয়ানের ন্যাশনাল প্যালেস মিউজিয়াম অত্যন্ত নিরাপত্তার সঙ্গে এটা সংরক্ষণ করে রেখেছে। এখন এই ক্যালিগ্রাফিটি টোকিওর এক শিল্প প্রদর্শনীতে দেখানো হচ্ছে।
এদিকে জাপান ও চীনের যুদ্ধের সময়কার ইতিহাস টেনে অনেকে বলেন, জাপান চীনের অংশ দখল করেছিল। ১৯৩৭ সালে জাপানের সৈন্যরা চীনের পূর্বের শহরে হামলা করে। এতে তিন লাখের মতো মানুষ গণহত্যার শিকার হয়।
আর এ কারণেই ক্ষোভ প্রকাশ করছে চীন।
