মায়ের কোল থেকে বাগের থাবায় শিশু,অতঃপর
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১২:০১ পিএম, ১৮ জানুয়ারি ২০১৯ শুক্রবার
ঘরে ঢুকে মায়ের কোল থেকে এক কন্যাশিশুকে টেনে হেঁচড়ে নিয়ে যায় চিতাবাঘ।এই বাঘ এর আগেও এই অঞ্চলের একাধিক মানুষকে আক্রমণ করেছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায়। ভারতের আলিপুরদুয়ার জেলার মাদারিহাট গ্যারগাণ্ডা চা-বাগানে ফ্যাক্টরি লাইনে এ ঘটনা ঘটে। সংবাদমাধ্যম এবেলা এমন তথ্য জানিয়েছে।
জানা গেছে, এলাকার বাসিন্দা পূজা ও তার তিন বছরের শিশুকন্যা প্রণীতাকে নিয়ে নিজের ঘরে ছিলেন। আচমকা একটি বিশালাকার চিতাবাঘ এসে তিন বছরের শিশুকন্যাকে টেনে নিয়ে যায়।
পূজা বলেন, শিশু সন্তানকে নিয়ে তিনি ঘরেই ছিলেন।ঘরে ঢুকেই বাঘ তার সন্তানকে হেঁচকা টানে নিয়ে দৌড়ে পালিয়ে যায়।শত চেষ্টা করেও তিনি শিশুসন্তানকে রক্ষা করতে পারেননি।
এই ঘটনার পর পুরো এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। সারা রাত অনেক খোঁজাখুঁজি পরও শিশুটির কোনও খোঁজ পাওয়া যায়নি। বুধবার সকালে গ্যারগাণ্ডা চা বাগানের ভেতর শিশুকন্যার খণ্ড খণ্ড মৃতদেহ উদ্ধার করা হয়।
