সিরিয়ায় বোমা বিস্ফোরণ, চার মার্কিন সেনাসহ নিহত ১৮
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০২:৩৭ পিএম, ১৭ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার
সিরিয়ার মানবিজ শহরে বোমা বিস্ফোরণে চার মার্কিন সেনাসহ ১৮ জন নিহত হয়েছেন। হামলার এ ঘটনায় আহত হয়েছেন ৩ জন।
বুধবার স্থানীয় সময় বিকেলে এ ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্স এ খবর প্রকাশ করেছে।
খবরে বলা হয়, মার্কিন নেতৃত্বাধীন একটি সেনা টহলের কাছে বোমাটি বিস্ফোরিত হয়। নিহতদের মধ্যে ৪ মার্কিন সেনা রয়েছে। বাকিরা বেসামরিক নাগরিক।
মার্কিন এক কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স আরো জানায়, সেনাদের নিয়মিত টহলের সময় তারা বিস্ফোরণের কবলে পড়ে।
ইরাক ও সিরিয়ায় অভিযান চালানোর দায়িত্বে নিয়োজিত মার্কিন দফতর এক বিবৃতিতে জানিয়ে, বিষয়টি নিয়ে আমরা এখনো তথ্য সংগ্রহ করছি এবং পরে বিস্তারিত জানানো হবে।
সিরিয়ান অবজারভেটরি জানিয়েছে, মানবিজ শহরের কেন্দ্রস্থলে আল-উমারা রেস্টুরেন্টের কাছে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
উগ্র সন্ত্রাসী গোষ্ঠি দায়েশ হামলার দায়িত্ব স্বীকার করেছে।
প্রসঙ্গত, সম্প্রতি সিরিয়া থেকে আমেরিকা সেনা প্রত্যাহার শুরু করেছে। এরমধ্যেই মার্কিন সেনারা হামলার শিকার হলো।
