শুক্রবার   ১৩ মার্চ ২০২৬   ফাল্গুন ২৯ ১৪৩২   ২৪ রমজান ১৪৪৭

মাদক সম্রাট এলচাপোর কাছ থেকে ঘুষ নেন মেক্সিকোর সাবেক প্রেসিডেন্ট

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৭:৪৬ পিএম, ১৬ জানুয়ারি ২০১৯ বুধবার

কুখ্যাত মাদক সম্রাট জোয়াকিয়ান এলচাপো গুজমানের কাছ থেকে ১০ কোটি ডলার ঘুষ নিয়েছিলেন মেক্সিকোর সাবেক প্রেসিডেন্ট এনরিক পেনা নেইতো। প্রত্যক্ষদর্শীরা এমন সাক্ষ্যই দিয়েছেন।

 

বহুবছর ধরে এলচাপোর ডানহাত বলে দাবি করেছেন অ্যালিক্স সিফুয়েন্টস নামের এক ব্যক্তি। মঙ্গলবার তিনি নিউইয়র্ক সিটির আদালত কক্ষে বলেন, ২০১৬ সালের ওই ঘুষের কথা তিনি কর্তৃপক্ষকে জানিয়েছেন।

সিনালোয়ার মাদককারবারির পেছনে এলচাপো রয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। মার্কিন সরকারের কৌঁসুলিরা বলেন, এটিই হচ্ছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় মাদক সরবরাহকারী ও বিশ্বের সবচেয়ে বড় মাদককারবারি।

২০১২ থেকে ২০১৮ সাল পর্যন্ত মেক্সিকোর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন পেনা।

মেক্সিকো থেকে প্রত্যর্পণের পর গত নভেম্বর থেকে ব্রুকলিনে ৬১ বছর বয়সী এলচাপোর বিচার চলছে। তার বিরুদ্ধে কোকেইন, হেরোইনসহ বিভিন্ন মাদকপাচারের বেশি কিছু অভিযোগ রয়েছে।

ব্রুকলিনের ফেডারেল আদালতে এলচাপোর অন্যতম আইনজীবী জেফ্রি লিটম্যান তাকে জেরা করার সময় সিফুয়েন্টস ঘুষের এ অভিযোগ নিয়ে আলোচনা করেন।

তিনি বলেন, নেইতো প্রথমে গুজমানের কাছে ২৫ কোটি ডলার চেয়ে পাঠিয়েছিলেন, পরে ১০ কোটিতে তা রফা হয়।

কৌঁসুলিদের তিনি জানান, ২০১২ সালের অক্টোবরে পেনা নেইতোকে ঘুষের অর্থগুলো দেয়া হয়েছিল, যে বছর তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন।

কলোম্বিয়ান মাদককারবারি সিফুয়েন্টস নিজেকে এলচাপোর সেক্রেটারি বলে পরিচয় দেন। মেক্সিকোর পাহাড়ে প্রায় বছর দুয়েক লুকিয়ে কাটিয়েছেন তিনি।

২০১৩ সালে তাকে আটক করে মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হয়। কৌঁসুলিদের কাছে দোষ স্বীকার করে স্বীকারোক্তি দিয়েছেন এ মাদক সম্রাট।