ইরানের প্রেস টিভির নারী সাংবাদিক যুক্তরাষ্ট্রে আটক
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৬:৫৮ পিএম, ১৬ জানুয়ারি ২০১৯ বুধবার
ইরানের ইংরেজি ভাষার সংবাদমাধ্যম প্রেস টিভির হয়ে কাজ করা এক নারী সাংবাদিক ও উপস্থাপিকাকে গ্রেফতার করেছে মার্কিন পুলিশ। তবে কী অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে, তা প্রকাশ করা হয়নি।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, মার্জিয়া হাশেমি নামের ওই সাংবাদিককে সেন্ট লুইসে গ্রেফতার করে ওয়াশিংটন ডিসি কারাগারে পাঠানো হয়েছে।
প্রেস টিভি জানায়, সেন্ট লুইসের ল্যামবার্ট ইন্টারন্যাশনাল বিমানবন্দর থেকে রোববার যুক্তরাষ্ট্রে জন্ম নেয়া এ সাংবাদিককে আটক করা হয়েছে। বর্তমানে তাকে এফবিআইয়ের আটককেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। পরিবারকে দেখতে তিনি যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন।
পারসটুডে জানিয়েছে, আটকের পর ৪৮ ঘণ্টা ধরে কোনো খোঁজ পাননি তার স্বজনরা। আটকাবস্থায় নির্যাতনের শিকার হচ্ছেন তিনি।
‘তার বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকা সত্ত্বেও তাকে বলপূর্বক হিজাব ব্যবহার করতে দেয়া হচ্ছে না এবং সাধারণ অপরাধী হিসেবে গণ্য করে তার সঙ্গে আচরণ করা হচ্ছে।’
পারসটুডের খবরে আরও বলা হয়েছে, আটক হাশেমিকে হালাল বা নিরামিষ জাতীয় খাবার দেয়া হচ্ছে না। তাকে কেবল শুকনা রুটি খেয়ে থাকতে হচ্ছে।
