গুপ্তচরবৃত্তির অভিযোগে কর্মী বহিষ্কার করল হুয়াওয়ে
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৬:১০ পিএম, ১৬ জানুয়ারি ২০১৯ বুধবার
গুপ্তচরবৃত্তির অভিযোগে পোল্যান্ডে গ্রেফতার হওয়া চীনের মোবাইল প্রযুক্তি কোম্পানি হুয়াওয়ের কর্মী ওয়াং উইজিনকে বহিস্কার করা হয়েছে । শনিবার হুয়াওয়ের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে।
এদিকে এমন ঘটনায় নিরাপত্তা প্রশ্নে হুয়াওয়ে নিয়ে উদ্বেগ বাড়ছে পশ্চিমা দেশগুলোর। হুয়াওয়ের কর্মী আটক হওয়ার পর ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটোর সঙ্গে আলোচনা করেছে পোল্যান্ডের স্বরাষ্ট্রমন্ত্রী জোয়াছিম ব্রুদজিন্সকি। জানা যায় এই আলোচনায় পোল্যান্ডের বাজারে হুয়াওয়েকে নিষিদ্ধ করা হবে কিনা সেই বিষয় আলোচনা হয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গুপ্তচরবৃত্তির অভিযোগে হুয়াওয়ে কর্মীসহ আটককৃত দুজনকে তাদের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে জানানো হয়েছে এবং তাদের তিন মাসের জন্য আটক রাখা হতে পারে।
হুয়াওয়ের বিপক্ষে এর আগেও গুপ্তচরবৃত্তির অভিযোগ উঠেছিল। যুক্তরাষ্ট্র এবং তার মিত্র দেশগুলো বরাবরই এই দাবি করে আসছে যে হুয়াওয়ে চীন সরকারের পক্ষ হয়ে গুপ্তচরবৃত্তির কাজ করে।
তবে এ বিষয়ে কোম্পানিটির বিপক্ষে এখনো কেউই কোন প্রমাণ দিতে পারেনি তবে এই অভিযোগের ভিত্তিতে অনেক পশ্চিমা দেশই হুয়াওয়ের ব্যবহার নিষিদ্ধ করেছে ।
প্রসঙ্গত, গত শুক্রবার পোল্যান্ডে ওয়াং উইজিন এবং পোল্যান্ডের আরেক নাগরিককে চীনের সরকারের পক্ষ হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ এনে গ্রেফতার করা হয়। তবে হুয়াওয়ে এই অভিযোগ অস্বীকার করেছে।
