আফগানিস্তানে পুলিশ ষ্টেশনে হামলা, নিহত ৭
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৬:০২ পিএম, ১৬ জানুয়ারি ২০১৯ বুধবার
আফগানিস্তানের পশ্চিমাঞ্চলের হেরাত প্রদেশের রাজধানীতে একটি পুলিশ ষ্টেশনে হামলায় হামলাকারীসহ কমপক্ষে ৭ জন নিহত হয়েছেন। শনিবার ঘটা এ ঘটনায় আহত হয়েছেন আরো ২ জন। তবে এ হামলার কথা এখনো কেউই স্বীকার করে নি। যদিও আফগানিস্তানে তালেবানরাই মূলত পুলিশ এবং সেনাদের লক্ষ্য করে হামলা চালিয়ে থাকে। খবর দ্য ডনের।
হেরাত প্রদেশের সরকারের মুখপাত্র জেলানি ফারহাদ জানান, দুই ঘণ্টা ধরে চলা হামলায় দুই পুলিশ অফিসার এবং শিশুসহ তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় হামলাকারী দুজনও নিহত হয়েছেন।
আফগানিস্তান স্বরাষ্ট্রমন্ত্রণালয়য়ের মুখপাত্র নাজিব দানিশ বলেন, হামলার পর ওই এলাকায় পুলিশের বিশেষ বাহিনী মোতায়েন করা হয়েছে।
আফগানিস্তানে ১৭ বছর ধরে চলা যুদ্ধে সম্প্রতি সময়ে আফগানবাহিনীর ওপর হামলার মাত্রা বাড়িয়ে দিয়েছে তালেবানরা। আফগান-বংশোদ্ভূত মার্কিন কূটনীতিক খলিলজাদ তালেবানদের সঙ্গে যুদ্ধ শেষ করার লক্ষ্য নিয়ে যখন জোর চেষ্টা চালাচ্ছেন তখনই এমন হামলা চালানো হল। ।
