আফগানিস্তানে শক্তিশালী গাড়ি বোমা হামলায় নিহত ৪, আহত ৯৩
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৫:৩৪ পিএম, ১৬ জানুয়ারি ২০১৯ বুধবার
আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি শক্তিশালী গাড়ি বোমা হামলায় কমপক্ষে ৪ জন নিহত হয়েছেন।সোমবারের এ ঘটনায় আহত হয়েছেন ৯৩ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, সোমবার সন্ধ্যায় কাবুলের পূর্বাঞ্চলের গ্রিন ভিলেজ এলাকার সামনে চালানো হামলার কথা স্বীকার করেছে তালেবান জঙ্গি গোষ্ঠী। হামলা চালানো স্থানটিতে কয়েকটি বিদেশী সংস্থা এবং দাতব্য প্রতিষ্ঠানের অফিস ছিল।
আফগানিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াহিদুল্লাহ মায়ার একটি টুইট বার্তায় লেখেন আহত ৯৩ জনের মধ্যে ২৪ জন শিশু রয়েছে।
এ সম্পর্কে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিস জানান, ওই সংস্থার ভবনের সামনে বেশ কয়েকজন বিদেশি শ্রমিক কাজ করছিলেন। বিস্ফোরণে ওই এলাকার কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে৷
সোমবার এমন এক সময়ে এই বিস্ফোরণ হলো যখন আফগানিস্তানে গত ১৭ বছর ধরে চলমান গৃহযুদ্ধ বন্ধে আলোচনার জন্য কাবুল সফর শুরু করেছেন জাতিসংঘের শান্তিদূত।
