হাসপাতালের সামনে বস্তাবন্দি ১৬ মৃত কুকুরছানা!
নিউজ ডেক্স
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০২:৪৬ এএম, ১৪ জানুয়ারি ২০১৯ সোমবার
ভারতের কলকাতায় একটি হাসপাতালের সামনে ১৬টি কুকুরছানার মৃতদেহ উদ্ধার হওয়ার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
রোববার দুপুরে নীলরতন সরকার মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
হাসপাতালের সামনে অনেক ক্ষণ থেকেই পড়ে ছিল একটি কালো প্যাকেট। কি ছিল ওই প্যাকেটটিতে, তা আন্দাজ করতে পারেননি হাসপাতাল কর্মীরাও। সন্দেহ হওয়ায় সেই কালো প্যাকেটের খোলা মাত্রই তার ভিতর থেকেই উদ্ধার হল ১৬টি কুকুরছানার দেহ।
হাসপাতাল কর্মীদের দাবি, দুপুর ২টার দিকে একটি মেয়ে ওই এলাকায় বস্তা নিয়ে ঘোরাঘুরি করছিল। ফাঁকা পেয়ে এক পর্যায়ে বস্তাটি ফেলে দিয়ে পালিয়েছে সে।
হাসপাতাল কর্তৃপক্ষের অনুমান, কোনওভাবে খাবারে বিষ মিশিয়ে ওই কুকুর ছানাগুলিকে খাইয়ে হত্যা করা হয়েছে। কারণ বস্তার মধ্যে রয়েছে বিষাক্ত খাবারও।
এক হাসপাতাল কর্মী জানান, একটি মা কুকুর ওই বস্তা দুটির পাশে অনেকক্ষণ ধরে বসেছিল। এতে দানা বাঁধে সন্দেহ। একটু এগোতেই তারা দেখতে পান, ভিতরে উঁকি মারছে কোনও দেহ। এরপরেই বস্তা খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু বস্তা খুলে যে তারা এই দৃশ্য দেখবেন, ভাবতে পারেননি। তবে একটি কুকুরছানাকে জীবিত পাওয়া গিয়েছে। তার চিকিৎসা চলছে।
পুরো বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে পুলিশ। কারা কি উদেশ্যে এ ঘটনা ঘটাল তার খোঁজ চলছে।
