সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

ভারতে মন্দিরের প্রসাদ খেয়ে ১২ জনের প্রাণহানি

 ডেস্ক রির্পোট

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:৩৮ পিএম, ১৫ ডিসেম্বর ২০১৮ শনিবার

ভারতের একটি মন্দিরে প্রসাদ খেয়ে অন্তত ১২ জনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় অন্তত ৮১ জন হাসপাতালে চিকিৎসাধীন। নিহতদের মধ্যে একটি ১৫ বছর বয়সী মেয়ে শিশুও রয়েছে।

শুক্রবার দেশটির কর্নাটক প্রদেশের চমরাজনগর জেলার সুলিবাদি গ্রামের কিচু মারাম্মা নামের ওই মন্দিরে এ ঘটনা ঘটে।

জেলা প্রশাসনের এক কর্মকর্তার দাবি, খাবারের সঙ্গে বিষাক্ত কোনও কিছু মিশিয়ে দেওয়ার কারণেই এ ঘটনা ঘটেছে। ওই খাবারের নমুনা পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার সুলিবাদি গ্রামের মন্দিরের উদ্বোধন উপলক্ষে প্রার্থনার পর এই খাবার সরবরাহ করা হয় বলে পুলিশ জানিয়েছে। আশেপাশের গ্রাম থেকেও অনেকে ওই অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানে উপস্থিত থাকা এক ব্যক্তি বলেন, ‘আমরা টমেটো ও ভাত খেতে দিয়েছিলাম। তবে এ থেকে গন্ধ আসছিল। যারা এটা ফেলে দিয়েছে তারা ভালো আছে তবে যারাই খেয়েছে তারাই বমি করা শুরু করে ও পেট ব্যাথা করার কথা বলতে থাকে।’

 

দেশটির পুলিশ জানিয়েছে, অসুস্থদের চমরাজনগর ও মাইসুরু জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনেককেই অক্সিজেন দেওয়া হচ্ছে। এরই মধ্যেই এই ঘটনায় সন্দেহভাজন হিসেবে দুই জনকে আটক করা হয়েছে ।