বেবি পাউডারে ক্ষতিকর পদার্থ, ক্যানসারের আশংকা!
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:৩৫ পিএম, ১৫ ডিসেম্বর ২০১৮ শনিবার
জনসন অ্যান্ড জনসন কোম্পানি তাদের ট্যালকম পাউডারে ক্ষতিকর অ্যাসবেসটসের উপস্থিতির বিষয়টি কয়েক দশক ধরে জানত। সম্প্রতি রয়টার্স-এর একটি রিপোর্টে এই তথ্য সামনে এসেছে।
এখবর প্রকাশের পর প্রতিষ্ঠানটির শেয়ারের দাম ১৬ বছরের মধ্যে সর্বোচ্চ দরপতন ঘটেছে। গত শুক্রবার তা ১০ শতাংশ পড়ে গিয়েছে।
রয়টার্স দাবী করে, অ্যাসবেসটস হলো এমন একটি খনিজ আশযুক্ত পদার্থ, যা মানব শরীরের জন্য ক্ষতিকর। এটি ব্যবহারের কারণে ব্যবহারকারীদের ওভারিয়ান ক্যান্সারও হতে পারে।
সব কাগজপত্রে দেখা যায়, ১৯৭১ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ পরীক্ষায় কখনো কখনো এটির ট্যালক কাঁচামাল এবং তৈরি পণ্যে অ্যাসবেসটসের সামান্য উপস্থিতি পাওয়া গেছে।
রয়টার্স রিপোর্টে উল্লেখ করেছে যে, ১৯৫৭ সাল এবং ১৯৫৮ সালের মধ্যে বেশ কিছুবার পরীক্ষা করে যাচাই করা হয়েছে অ্যাসবেসটসের উপস্থিতি। একাধিক ক্ষেত্রে অ্যাসবেসটসের উপস্থিতির ফলাফল আসার পরেও সে তথ্য গোপন করেছে এই সংস্থা। রয়টার্সের বর্ণনা অনুসারে কোম্পানির এবং বাইরের ল্যাবেও বিংশ শতাব্দির প্রথম দিকে একই ধরণের ফলাফল দেখা যায়।
শুক্রবার এ সকল রিপোর্টের বিবৃতিতে জনসন অ্যান্ড জনসন বলেন, “নিয়ন্ত্রকদের দ্বারা হাজার হাজার স্বাধীন পরীক্ষা এবং বিশ্বব্যাপী নেতৃস্থানীয় ল্যাবগুলি প্রমাণ করে ‘জনসন অ্যান্ড জনসনের বেবি পাউডার নিরাপদ এবং অ্যাসবেস্টসমুক্ত। রয়টার্সের প্রতিবেদনটি একপাক্ষিক, মিথ্যা আর উস্কানিমূলক। রয়টার্সের প্রতিবেদনটি অযৌক্তিক ষড়যন্ত্র থেকে তৈরি করা হয়েছে বলেও মনে করেন প্রতিষ্ঠানটি”।
