সোমবার   ১৬ মার্চ ২০২৬   চৈত্র ১ ১৪৩২   ২৭ রমজান ১৪৪৭

ফুরিয়ে যাচ্ছে সুপেয় পানি, ৫ দেশে সংকট চরমে

নিজস্ব প্রতিবেদক 

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:১১ পিএম, ১৫ ডিসেম্বর ২০১৮ শনিবার

বিশ্বের অর্ধেকের বেশি মানুষ পানিসংকটে ভুগছে৷ জলবায়ু পরিবর্তন এবং জনসংখ্যা বৃদ্ধির কারণে আগামী বছরগুলোতে এই সংকট চরম রূপ ধারণ করবে৷

পোল্যান্ড

পোল্যান্ডের কাটোভিৎসে জলবায়ু সম্মেলন চলছে৷ সেখানে বিশ্বব্যাপী পানি সংকট অন্যতম আলোচনার বিষয়৷ বিশ্বব্যাপী দ্রুত জনসংখ্যা বৃদ্ধি, নগরায়ন এবং কৃষিকাজে পানির অতিরিক্ত ব্যবহারের কারণে ভূগর্ভস্থ পানির স্তর নীচে নেমে যাচ্ছে৷

নাইজার

আফ্রিকার দেশ নাইজারের জনসংখ্যা দুই কোটির মতো৷ এর মধ্যে অর্ধেকেরও বেশি মানুষ বিশুদ্ধ পানীয় জল পায় না৷ সেখানে প্রতি ১০ জনের মধ্যে একজন শৌচাগার ব্যবহারের সুবিধা পায়৷ দেশটিতে জনসংখ্যা বৃদ্ধির হার বিশ্বের বাকি দেশগুলোর চেয়ে দ্রুত৷ গড়ে প্রতি নারী ৭ সন্তানের জন্ম দেয়৷ প্রতি বছর নাইজারে ডাইরিয়ায় মারা যায় অন্তত ১২ হাজার শিশু৷

পাকিস্তান

পাকিস্তানের শতকরা ১০ ভাগ মানুষের কাছে বিশুদ্ধ পানি নেই৷ ভূগর্ভস্থ পানির মাত্রা দিন দিন কমছে দেশটিতে৷ ১৯৪৭ সালে দেশ বিভাগের সময় পাকিস্তানে প্রতি ব্যক্তির মাথাপিছু পানির পরিমাণ ছিল ৫ হাজার ঘনমিটার, যা কমে গিয়ে এক হাজার ঘনমিটারে দাঁড়িয়েছে৷

সোমালিয়া

সোমালিয়ায় পানি সংকটের প্রধান কারণ ভয়াবহ খরা, যা কয়েক বছর ধরে চরম রূপ নিয়েছে৷ এতে কৃষিকাজ এবং খাদ্য উৎপাদনে বড় ধরনের প্রভাব পড়েছে৷ দেশের মাত্র ৪৫ শতাংশ মানুষের কাছে বিশুদ্ধ পানি পৌঁছায়৷ এর ফলে সেখানে পানিবাহিত রোগ খুব দ্রুত ছড়িয়ে পড়ে৷

সুদান

 

সুদানের জনসংখ্যা ৪ কোটি ৩০ লাখ৷ ঘরের কাজে ব্যবহারের জন্য সেখানে মাত্র ২ শতাংশ পানি ব্যবহার করতে পারে মানুষ৷ সুদানে বেশিরভাগ পানি আসে ইথিওপিয়া থেকে৷ তাই পানি পেতে হলে জলবায়ু পরিবর্তনের পাশপাশি তাদের ইথিওপিয়ার সরকারের সঙ্গেও লড়তে হয়৷