কংগ্রেসে সাক্ষ্য দেবেন কোহেন
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৫:১৬ পিএম, ১২ জানুয়ারি ২০১৯ শনিবার
যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসে সাক্ষ্য দিতে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক ব্যক্তিগত সহযোগী মাইকেল কোহেন। হাউস ডেমোক্রেটদের পক্ষ থেকে দেয়া আমন্ত্রণে দীর্ঘ সময় ধরে ট্রাম্পের আইনজীবীর দায়িত্বপালন করা কোহেন সম্মতি দিয়েছেন বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
পত্রিকাটি জানায়, ডেমোক্রেটিক নিয়ন্ত্রিত হাউস অভারসাইট কমিটির সামনে আগামী ৭ ফেব্র“য়ারি কোহেন কংগ্রেসে সাক্ষ্য দেবেন।
গত বছর এক তদন্তে ওঠে আসে ২০১৬ সালের নির্বাচনী প্রচারণার সময় কোহেন রাশিয়ার এক নাগরিকের সঙ্গে যোগাযোগ করেন। ওই রুশ নাগরিক ট্রাম্পকে সহযোগিতা ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তাব দিয়েছিলেন। ট্রাম্পের নির্দেশনায় কোহেন দুই নারীকে টাকা দেন। ওই নারীদের সঙ্গে ট্রাম্পের যৌন সম্পর্ক ছিল। তাদের মুখ বন্ধ রাখতেই এ টাকা দেয়া হয়।
এ সবই নির্বাচনী প্রচারণার আর্থিক নীতির লঙ্ঘন। এ অভিযোগে কোহেনকে তিন বছরের কারাদণ্ড দেয়া হয়। আগামী মার্চে তার কারাদণ্ড শুরু হবে। এবার ৭ ফেব্রুয়ারি আবার কংগ্রেসের সামনে সাক্ষ্য দিতে যাচ্ছেন তিনি। এক বিবৃতিতে কোহেন বলেন, ‘আমি এমন একটি সুযোগ কাজে লাগাতে চাই।
সব ঘটনাবলীর বিশ্বাসযোগ্য বিবরণ দিতে চাই যে সেগুলো কিভাবে সংঘটিত হয়েছে। কংগ্রেস কমিটির প্রধান এলিজাহ কামিংস বলেন, প্যানেল রবার্ট মুলারের (রুশ সংযোগ তদন্তে বিশেষ পরামর্শক) তদন্তে হস্তক্ষেপ করবে না। এক বিবৃতিতে তিনি বলেন, ‘চলমান তদন্ত প্রক্রিয়ায় আমাদের হস্তক্ষেপের কোনো আগ্রহ নেই।
