হামলায় স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করেছে ইরান
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৫:১২ পিএম, ২৯ নভেম্বর ২০২৬ রোববার
মার্কিন বাহিনীর ওপর মার্কিন বাহিনীর ওপর সামরিক অভিযানে স্পেসএক্সের স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহার করেছে ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর পাল্টা অভিযানে ইরান এ প্রযুক্তি ব্যবহার করে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট।
শনিবার প্রকাশিত প্রতিবেদনটিতে সামরিক অভিযান সম্পর্কে অবগত চার ব্যক্তির বরাত দিয়ে বলা হয়, গত মার্চের প্রথম দিকে ইরান স্টারলিংক ব্যবহার করে তাদের সামরিক বাহিনীর যোগাযোগ ও নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনা করে। পাশাপাশি একমুখী হামলাকারী ড্রোনের কার্যক্রম তদারকিতেও এ স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহার করা হয়।
প্রতিবেদন অনুযায়ী, বিষয়টি জানতে পেরে স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক ক্ষুব্ধ হন। কোম্পানির অভ্যন্তরীণ আলোচনা সম্পর্কে জানেন, এমন দুজন ব্যক্তি বলেছেন, মাস্ক জানতে পারেন তার প্রতিষ্ঠানের স্যাটেলাইট ইন্টারনেট সেবা অননুমোদিতভাবে ব্যবহার করা হচ্ছে। তার দল মনে করে, ইরানের সামরিক অভিযানের সঙ্গে এর সম্পর্ক রয়েছে।
এদিকে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীও স্টারলিংকের সামরিক সংস্করণ স্টারশিল্ড ব্যবহার করে একমুখী ড্রোন পরিচালনা করছিল। তবে এ জন্য ভূমিতে ব্যবহারের উদ্দেশ্যে নির্ধারিত তুলনামূলক সস্তা প্যাকেজ নেওয়া হয়েছিল বলে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে উল্লেখ করা হয়।
প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের গ্রীষ্মে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের কাছে পাঠানো যুদ্ধসংক্রান্ত একটি গোপন হালনাগাদ প্রতিবেদনে ইরানের স্টারলিংক ব্যবহারের বিষয়টি উল্লেখ ছিল। এতে সামরিক বাহিনীর যোগাযোগ ও ড্রোন পরিচালনায় এ প্রযুক্তির ব্যবহারের তথ্য তুলে ধরা হয়।
তবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, প্রতিরক্ষামন্ত্রীর দপ্তরে এ ধরনের কোনো প্রতিবেদন পাঠানোর বিষয়ে তারা অবগত নয়। এ বিষয়ে মন্তব্যের জন্য রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হলেও স্পেসএক্স ও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।
ইরানে স্টারলিংক পরিচালনার কোনো সরকারি অনুমোদন নেই। তবে এর আগে ইলন মাস্ক দেশটিতে এ সেবা চালু থাকার কথা জানিয়েছিলেন। ভূরাজনৈতিক সংঘাতপূর্ণ এলাকায় স্টারলিংকের ব্যবহার এবং নিষেধাজ্ঞার আওতায় থাকা প্রতিষ্ঠানের মাধ্যমে এর সরঞ্জাম ব্যবহারের বিষয়টি নিয়ে সম্প্রতি উদ্বেগ বেড়েছে।
ইরানে সরকারবিরোধী বিক্ষোভের সময় কর্তৃপক্ষ ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিলে যুক্তরাষ্ট্র গোপনে দেশটিতে হাজার হাজার স্টারলিংক টার্মিনাল পাঠিয়েছিল বলে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে। ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরুর পর থেকে ইরান সরকার ইন্টারনেট ব্যবহারে কঠোর নিয়ন্ত্রণ বজায় রেখেছে।
