বাফেলোতে ৩ তরুণের ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে
আজকাল রিপোর্ট
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০২:২১ এএম, ২৮ নভেম্বর ২০২৬ শনিবার
নিউইয়র্কের বাফেলোতে বেপরোয়া গাড়ি চালানো এবং এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ করে বিপজ্জনক স্ট্রিট রেসিংয়ের অভিযোগে তিন তরুণের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনা হয়েছে। আট মাস আগে সংঘটিত এক প্রাণঘাতী সড়ক দুর্ঘটনার তদন্ত শেষে গত ২৩ নভেম্বর তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। দোষী সাব্যস্ত হলে প্রত্যেকের সর্বোচ্চ ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
অভিযুক্ত তিন তরুণ হলেন ২৩ বছর বয়সী শাফি আহমেদ, ২১ বছর বয়সী সাইফ এবং ২১ বছর বয়সী আবু এ সালেহ। শাফি আহমেদ ও সাইফ জুনাব আলী বাফেলোর বাসিন্দা। আবু সালেহ কেনমোর এলাকার বাসিন্দা। এ ঘটনায় আরও এক তরুণের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। দুর্ঘটনার সময় তার বয়স ছিল ১৭ বছর। বর্তমানে তার বয়স ১৮ বছর।
মামলার অভিযোগ অনুযায়ী, গত ১৯ মার্চ রাত প্রায় ১১টার দিকে বাফেলোর কেনসিংটন এক্সপ্রেসওয়ের পশ্চিমমুখী লেনে একদল চালক বিপজ্জনকভাবে গাড়ি চালাচ্ছিলেন। তারা একাধিক গাড়ি দিয়ে রাস্তার লেন আটকে রাখেন। কেউ গাড়ির চাকা ঘুরিয়ে ধোঁয়া তৈরি করছিলেন, কেউ দ্রুতগতিতে লেন পরিবর্তন করছিলেন এবং কেউ আতশবাজি ফোটাচ্ছিলেন। এতে এক্সপ্রেসওয়ের স্বাভাবিক যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়।
অভিযোগে বলা হয়েছে, ওই সময় প্রায় ৫০ জন চালক কথিত স্ট্রিট রেসিংয়ে অংশ নিয়েছিলেন। কয়েকটি গাড়ির গতি ঘণ্টায় ১০০ মাইল পর্যন্ত পৌঁছেছিল বলে অভিযোগ রয়েছে। রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটে লোকাস্ট স্ট্রিট এক্সিটের কাছে পরিস্থিতি প্রাণঘাতী হয়ে ওঠে। অভিযোগ অনুযায়ী, ১৭ বছর বয়সী এক কিশোর অত্যন্ত দ্রুতগতিতে গাড়ি চালিয়ে এসে সামনে থাকা একটি থেমে থাকা গাড়ির পেছনে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের ধাক্কায় আরেকটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়।
এ দুর্ঘটনায় ৩০ বছর বয়সী জনলুক জুবার্ট গুরুতর আহত হন। তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। প্রসিকিউটরদের ভাষ্য অনুযায়ী, জুবার্ট ওই গাড়ির রেসিংয়ের সঙ্গে জড়িত ছিলেন না। তিনি সাধারণ চালক হিসেবে এক্সপ্রেসওয়ে দিয়ে যাচ্ছিলেন।
