শিকাগোতে ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া’
আজকাল রিপোর্ট
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০২:১৯ এএম, ২৮ নভেম্বর ২০২৬ শনিবার
শিকাগোর ঐতিহাসিক উইলিস টাওয়ারের পাদদেশে ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া’ সড়ক উদ্বোধন করা হয়েছে। এই নামকরণকে ঐতিহাসিক এবং গৌরবের এক অধ্যায় হিসেবে দেখা হচ্ছে। গত ২২ নভেম্বর বেলা ১১টায় যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের ঐতিহাসিক শিয়ার্স টাওয়ার, বর্তমানে উইলিস টাওয়ারের পাদদেশে ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া’ সড়কের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিকাগো সিটির মেয়র অল্ডারম্যান গিলবার্ট ভিলেগাস। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মুহাম্মদ আরিফুল ইসলাম। এই অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসি বাংলাদেশি উপস্থিত ছিলেন।
শিকাগো বিএনপির সভাপতি শাহ মোজাম্মেল নান্টুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে শিকাগোর বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া কখনোই ক্ষমতার জন্য রাজনীতি করেননি। তার রাজনীতির মূলমন্ত্র ছিল গণতন্ত্র, জনগণের মৌলিক অধিকার, দেশের স্বাধীনতা ও জাতীয় সার্বভৌমত্ব রক্ষা।
স্বৈরাচারী এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে এক এগারোর রাজনৈতিক সংকট এবং দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তিনি ছিলেন আপসহীন নেতৃত্বের প্রতীক। গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি নিজের ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়েছেন। কারাবরণ করেছেন কিন্তু অন্যায় ও স্বৈরশাসনের সঙ্গে কখনোই আপস করেননি।
প্রয়াত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াতার জীবন ও সংগ্রামের মধ্য দিয়ে প্রমাণ করে গেছেন ক্ষমতা ক্ষণস্থায়ী, কিন্তু আদর্শ, সততা, দেশপ্রেম ও আত্মত্যাগের মহিমা চিরস্থায়ী। আর সেই কারণেই বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয়ে তিনি ‘দেশনেত্রী’ ও ‘মাদার অব ডেমোক্রেসি’ হিসেবে চিরস্মরণীয় হয়ে আছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা, বিশিষ্ট ব্যবসায়ি গিয়াস আহমেদসহ আরো অনেকে।
