শনিবার   ২৮ নভেম্বর ২০২৬   অগ্রাহায়ণ ১৩ ১৪৩৩   ১৭ জমাদিউস সানি ১৪৪৮

হাবিব রহমানের বই ‘জাপান ভ্রমণ’র মোড়ক উন্মোচন

আজকাল রিপোর্ট

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:৪৪ এএম, ২৮ নভেম্বর ২০২৬ শনিবার


 
সাংবাদিক হাবিব রহমানের সপ্তম ভ্রমণ গদ্যের ‘জাপান ভ্রমণ’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। ব্রঙ্কসের একটি মেডিটেরিয়ান রেস্টুরেন্টের হলরুমে গত সোমবার (২৩ নভেম্বর) যৌথভাবে মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউনিসেফ-এর সাবেক কর্মকর্তা জালাল আহমেদ এবং বাংলা পত্রিকা সম্পাদক ও টাইম টিভির সিইও আবু তাহেরসহ কমিউনিটির গন্যমান্য ব্যক্তিগণ এসময় উপস্থিত ছিলেন।
অনাড়ম্বর এই অনুষ্ঠানে টাইম টিভির সিইও আবু তাহের বলেন, ছাত্রজীবন  থেকেই হাবিব রহমান ভ্রমণ করে আসছেন। সেই ভ্রমণ আরো গতি পেয়েছে তিনি যুক্তরাষ্ট্রে প্রবাসী হবার পর। তিনি বিশ্বের শতাধিক দেশ ভ্রমণ করেছেন। ভ্রমণের স্মৃতিগুলো  পর্যায়ক্রমে তুলে ধরছেন তার প্রতিটি ভ্রমণ কাহিনীতে। ‘জাপান ভ্রমণ’ তাঁর সপ্তম ভ্রমণ কাহিনী। সুখ পাঠ্য এই বইটি  জাপান ভ্রমণে আগ্রহীদের ভ্রমণ আরো সহজ করে তুলবে বলে আমার বিশ্বাস।
পার্কচেস্টার ব্র্ঙ্কস রিয়েলিটির প্রেসিডেন্ট সালেহ উদ্দীন বলেন, আমি জাপানে ছিলাম দীর্ঘদিন। হাবিব রহমানের জাপান ভ্রমণ বইটি পড়ে জাপানকে যেন আমি নতুন করে চিনেছি। তিনি বইটির সাফল্য এবং লেখকের দীর্ঘায়ু কামনা করে আরো বই লেখার জন্য লেখকের প্রতি  অনুরোধ জানান।
সাপ্তাহিক হক কথা সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘বই প্রকাশের আগেই তার লেখাগুলো সংবাদপত্রে পড়ার সুযোগ আমার হয়েছে। বিশ্বিখ্যাত শিকারী জিম করবেট যেমন একহাতে বন্দুক আর এক হাতে কলম নিয়ে লেখক হিসাবে বিখ্যাত হয়েছেন। তেমনি পরিব্রাজক হাবিব রহমান ভ্রমণের পাশাপাশি কলম হাতে নিয়ে আমাদেরকে তথ্যবহুল লেখা আর বই উপহার দিয়ে বাংলা সাহিত্যে অমর হয়ে থাকবেন বলে আমার বিশ্বাস’।
বইটির লেখক হাবিব রহমান বলেন, আমার প্রকাশিত কোনো বইয়েরই আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন অনুষ্ঠান করিনি কখনো। আসলে লেখালেখি আমার কাছে কোনো প্রচার কিংবা আত্মপ্রদর্শনের বিষয় নয়। পাখি যেমন মনের আনন্দে গান গেয়ে যায়, বিনিময়ে করতালি কিংবা প্রশংসার প্রত্যাশা করে না, আমিও তেমনি নিজের আনন্দে লিখে যাই। লিখতে ভালো লাগে, তাই লিখি। পৃথিবীকে দেখতে ভালো লাগে, তাই ঘুরে বেড়াই। আর সেই দেখা ও ভালো লাগার গল্পগুলো পাঠকদের সঙ্গে ভাগ করে নিতেই বই প্রকাশ করি। আনুষ্ঠানিকতা কিংবা বাড়তি মনোযোগ আকর্ষণের প্রতি কখনো বিশেষ আগ্রহ অনুভব করিনি।
এবারের আয়োজনে আমার নিত্যশুভার্থী, টাইম টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের নিজের হাতে বইটির মোড়ক উন্মোচন করে আমাকে যে ভালোবাসায় সিক্ত করলেন, তা ভাষায় প্রকাশ করা কঠিন। মনে হলো, বইটির মোড়ক উন্মোচনের চেয়েও বড় কোনো উপহার যেন সেদিন আমার হাতে তুলে দেওয়া হলো- সেটি হলো মানুষের অকৃত্রিম ভালোবাসা ও সম্মান।
জাপান ভ্রমণ পুরো বইটি প্রথম থেকে শেষ পর্যন্ত সাপ্তাহিক দেশ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছে। এজন্য তিনি পত্রিকা কর্তৃপক্ষের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিদার চৌধুরী, এমাদ আহমেদ সানি, জন পালমা, সুরুজ ইসলাম, মোহাম্মদ মুন্সী, মোহাম্মদ খান, তাজুল ইসলাম, এমদাদ আহমেদ সামি, সাব্বির আহমেদ, সামিউল ইসলাম সামিসহ আরও অনেক গুণীজন।