শনিবার   ২৮ নভেম্বর ২০২৬   অগ্রাহায়ণ ১৩ ১৪৩৩   ১৭ জমাদিউস সানি ১৪৪৮

হাসিনার আগমন ঠেকাতে সবদল একমত হলেও অভিন্ন কৌশল নেই

আজকাল প্রতিবেদক, ঢাকা

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:০৭ এএম, ২৮ নভেম্বর ২০২৬ শনিবার

 


বাংলাদেশে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরা ঠেকাতে সরকার ও বিরোধী দল একমত। ঐক্যকে সুদৃঢ় করতে প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলগুলোর সঙ্গে বৈঠক শুরু করেছেন। প্রথম বৈঠক হয়েছে ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) নেতৃবৃন্দের সঙ্গে। দ্বিতীয় বৈঠক হবে জাতীয় সংসদে প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীর সঙ্গে। এসব বৈঠকে শেখ হাসিনার আগমনের চেষ্টার ব্যাপারে দলগুলোর করনীয় বিষয় প্রাধান্য পাচ্ছে। বিশেষ করে শেখ হাসিনার আগমন ঠেকাতে দলগুলো একত্রে একমঞ্চে নাকি আলাদা আলাদা কর্মসূচি নিয়ে পরিস্থিতি সামাল দেবে। এ বিষয়ে এখনই কোনও ঐক্য প্রতিষ্ঠিত হয়নি। তবে জামায়াত ও এনসিপি সংস্কারের মতো নতুন নতুন ইস্যু হাসিনার বিরোধিতার সঙ্গে যুক্ত করছে।
শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরবেন বলে ঘোষণা দিয়েছেন। এই ঘোষণার কারণে বাংলাদেশের রাজনীতিতে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। তার প্রত্যাবর্তনের ঘোষণায় উজ্জ্বীবিত আওয়ামী লীগ ও তার বিভিন্ন অঙ্গ সংগঠন। বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ শেখ হাসিনার এই দল সহিংস তৎপরতা শুরু করেছে। সারাদেশে তারা ককটেল বিস্ফোরণ এবং গাড়ি, বাড়ি ও বিভিন্ন স্থাপনায় আগুন দিচ্ছে। বিশেষ করে গোপালগঞ্জে টুঙ্গিপাড়া থানা জ্বালিয়ে দিয়ে এবং বিএনপি দলীয় এমপিদের বাড়িতে আগুন দিয়ে তাদের শক্তির প্রমাণ দিয়েছে। তার পাল্টা হিসাবে বিএনপি ও তার বিভিন্ন-অঙ্গ সংগঠন আওয়ামী লীগের নেতাদের বাড়িতে আগুন দিচ্ছে।  
বর্তমান পরিস্থিতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াত ও এনসিপি’র সঙ্গে বৈঠক শুরু করলেও মাঠে আওয়ামী লীগকে ঠেকাতে বিএনপি ছাড়া আর কেউ নেই। বিএনপি ও জামায়াত শুধু বিবৃতিতে সীমাবদ্ধ। বিরোধী এই দুই দল শেখ হাসিনার বিরুদ্ধে কর্মসূচির বদলে বরং সরকারের সমালোচনায় ব্যস্ত। তারা বলছেন, সরকারের আইন-শৃঙ্খলা বাহিনী আওয়ামী লীগের সহিংসতার জবাবে সামান্যতম ভূমিকাও পালন করছে না। বরং     গোপালগঞ্জ থেকে পুলিশ সদস্যরা সরে এসেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান দলটির সংসদীয় পার্টির সভায় দলীয় সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় গিয়ে মাঠ পর্যায়ে সক্রিয় থাকার নির্দেশ দিয়েছেন। তবে বিএনপি, জামায়াত ও এনসিপি কোথাও যৌথ কর্মসূচি পালন করছে না।
শেখ হাসিনা দেশে ফিরলে তাকে নিশ্চিতভাবে গ্রেফতার করা হবে। বিএনপি ও অন্যান্য দল মাঠ পর্যায়ে প্রতিরোধের চেষ্টা করবে বলে মনে হচ্ছে। তবে এখনও পর্যন্ত আওয়ামী লীগের সহিংসতা মোকাবেলায় বিএনপি ও বিরোধী দল সফল হয়নি। ফলে আওয়ামী লীগের তৎপরতা মোকাবেলায় এখনও পর্যন্ত পুলিশের গ্রেফতার অভিযান এবং নিরাপত্তা জোরদার করাতেই সীমিত। রাজনৈতিকভাবে পরিস্থিতি মোকাবেলায় অভ্যন্তরীণ প্রস্তুতি দুর্বল।