হাসিনার ফেরা নিয়ে পর্দার আড়ালে সমঝোতার চেষ্টা!
মাসুদ করিম, ঢাকা থেকে
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০১:০৬ এএম, ২৮ নভেম্বর ২০২৬ শনিবার
গণআন্দোলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ছেড়ে পালাবার পর আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার ঘোষণা দিয়েছেন। তা নিয়ে দেশের বেশ কয়েকটি জেলায় চরম উত্তেজনা বিরাজ করছে। সীমান্তে বাড়ানো হয়েছে বাড়তি নিরাপত্তা। আ.লীগ সমর্থকদেও অগ্নিসংযোগসহ সহিংস ঘটনার আতঙ্কে সাধারণ মানুষ জিম্মি অবস্থায় রয়েছে। তিনি ফিরবেন আবার ফিরবেন না এমন উভয় বক্তব্যে টানটান উত্তেজনা বিরাজ করছে। কয়েকদিন আগে কলকাতায় অবস্থানরত আ. লীগের চারজন সিনিয়র নেতা পেট্রাপোল স্থলবন্দর পরিদর্শন করেছেন। শেখ হাসিনা স্থলপথে ফিরলে ওই চেকপোস্ট দিয়ে ঢুকে যাবার বিষয়টি তারা খতিয়ে দেখছে। এদিকে বাংলাদেশের সরকারের তরফে বলা হচ্ছে, শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করলে তাকে হ্যান্ডকাফ পড়ানো হবে। তিনি সরাসরি কারাগারে যাবেন। কিন্তু তার বাইরেও বাংলাদেশ ও ভারতের মধ্যে কূটনৈতিক চ্যানেলে পর্দার আড়ালে নানা আলোচনা হচ্ছে বলে প্রকাশ। প্রস্তাব ও পাল্টা প্রস্তাবের আলোচনায় দুই দেশের অবস্থান পরিবর্তন হবে কি-না তা দেখার বিষয়।
বিএনপি’র একজন সংসদ সদস্য নাম প্রকাশ না করার শর্তে আজকালকে বলেন, ‘ভারতের পক্ষ থেকে শেখ হাসিনাকে অনানুষ্ঠানিকভাবে বাংলাদেশের কাছে হস্তান্তরের প্রস্তাব দেওয়া হয়েছে বলে তিনি শুনেছেন। তিনি কোনও পূর্ব ঘোষণা ছাড়াই বিমানযোগে ঢাকায় পৌঁছলে বাংলাদেশের কর্তৃপক্ষ তাকে গ্রেফতার করে কোনও একটি বাড়িকে কারাগার ঘোষণা করে সেখানে রাখবেন। হাসিনা একজন মৃত্যুদন্ডের আসামি হবার কারণে আপিলের সুযোগদানের বিষয়টি দেখা হচ্ছে।’ তবে ভারতের এই প্রস্তাবের ব্যাপারে বাংলাদেশের অবস্থান কী সেটা ওই এমপি জানাতে অস্বীকার করেন। তবে শেখ হাসিনার আইনি প্রক্রিয়ায় জড়িত সরকারের একজন কর্মকর্তা আজকালকে বলেছেন, ‘বিষয়টি একটি রাজনৈতিক প্রক্রিয়া তাই রাজনৈতিকভাবে তার নিস্পত্তির প্রচেষ্টা পর্দার আড়ালে বাংলাদেশ ও ভারত চালিয়ে যাচ্ছে। রাজনৈতিক সিদ্ধান্তের আলোকে আইনি প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে। আইনের সব প্রক্রিয়াই আমরা সরকারের রাজনৈতিক পর্যায়কে জানিয়ে রাখছি। দুই সরকারের অবস্থানই সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিবর্তন হচ্ছে’।
ভারতের পররাষ্ট্র দফতরের মুখপাত্র রণধির জয়সোয়াল বারবারই বলে আসছিলেন যে, শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুটি আইনগত বিষয়। কিন্তু গত বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংকালে তিনি কিছুটা নতুন অবস্থানের কথা জানান। জয়সোয়াল বলেন, ‘শেখ হাসিনাকে প্রত্যর্পণের ইস্যু এবং তিনি স্বেচ্ছায় নিজ দেশের ট্রাভেল ডকুমেন্ট নিয়ে ফেরা আলাদা বিষয়’। ফলে প্রত্যার্পণের ইস্যু আইনগত বিষয় হওয়ায় এটির সুরাহা আইনি প্রক্রিয়ায় বিবেচ্য। এই প্রক্রিয়ায় অনেক খুঁটিনাটি বিষয় আছে। কিন্তু ট্রাভেল ডকুমেন্টে শেখ হাসিনা ফিরলে সেটি সম্ভবত রাজনৈতিক সমঝোতার বিষয়। শেখ হাসিনা নিজে নতুন পাসপোর্ট এবং ট্রাভেল ডকুমেন্ট চেয়েছেন। তার নিযুক্ত আইনি ফার্ম মেট্রিক্স চেম্বার এ বিষয়ে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি দিয়েছেন। ভারত সম্ভবত প্রত্যর্পণের বিষয়ে আগ্রহী নয়। ভারত দুই দেশের সমঝোতায় ফেরানোর পক্ষপাতি। এক্ষেত্রে, জটিল বিষয় হলো, শেখ হাসিনা মৃত্যুদন্ডে দন্ডিত আসামী হওয়ায় এবং তার আপীল করার ৩০ দিনের মেয়াদ ফুরিয়ে যাওয়ায় আইনি সুরক্ষার সুযোগ বের করা কঠিন। শেখ হাসিনার প্রত্যাবর্তন ইস্যুতে ভারত ও যুক্তরাষ্ট্রের কূটনীতিকরাও বিভিন্ন পর্যায়ে আলোচনা করছেন। এ ব্যাপারে জানতে চাইলে একজন কূটনীতিক আজকালকে বলেন, ‘শেখ হাসিনার ইস্যুতে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে এখনও মতপার্থক্য আছে’। এছাড়াও, বাংলাদেশ ও ভারতের অভ্যন্তরীণ রাজনীতির বিষয় বিবেচনায় নিলে পরিস্থিতি বেশ জটিল। তাই এই জটিল বিষয়ে নিস্পত্তি করে ১৬ ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনার ফেরা এই সময়ের মধ্যে খুবই কঠিন।
রাজনৈতিক সমঝোতা না হলে কিংবা প্রত্যর্পণের আইনি প্রক্রিয়া সমাপ্ত না করে শেখ হাসিনার সরাসরি বাংলাদেশে ফিরে আসা প্রায় অসম্ভব। শেখ হাসিনা যদিও ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসে ফেরার ঘোষণা দিয়েছেন সেটা তার রাজনৈতিক কৌশল বলেই অনেকে মনে করেন। এই ঘোষণায় আওয়ামী লীগ ও তার নেতা-কর্মীরা উজ্জীবিত হয়ে রাস্তায় নামছে। আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকান্ডে নিষেধাজ্ঞা থাকায় দলটির বিরুদ্ধে সরকার অভিযান পরিচালনা করছে। এসব কর্মসূচি অনেক ক্ষেত্রেই ঝটিকা মিছিল কিংবা সহিংস কর্মসূচি হিসাবে দেখা হচ্ছে। বিশেষ করে অসংখ্য ককটেল নিক্ষেপ এবং গাড়ি ও বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা জনমনে ক্ষোভের সৃষ্টি করতে পারে। জনগণ আতঙ্কিত হওয়ায় শেখ হাসিনার প্রতি তাদের অসন্তোষ সৃষ্টি হতে পারে। তবে শেখ হাসিনার নিজ জেলা গোপালগঞ্জে তার কর্মি বাহিনী বড় ধরনের প্রতিরোধ গড়ে তুলেছে। বাংলাদেশ সরকার এই বিষয়ে হার্ডলাইন অ্যাকশনে না গিয়ে রাজনৈতিক সমাধানের দিকে অগ্রসর হচ্ছে।
শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর ফিরুক কিংবা না ফিরুক ডিসেম্বর যে উত্তাপ ছড়াবে তাতে কোনও সন্দেহ নেই। প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এই সমস্যার রাজনৈতিক সমাধান খুঁজে বের করা। কারণ ছাত্রদের নেতৃত্বে অভ্যূত্থানের মাধ্যমে যে সরকারের পতন ঘটেছে এবং যে সরকারের প্রধান নির্বাসিতকে ফিরিয়ে আনা কঠিন। অপরদিকে, প্রতিবেশী ভারতের এক ধরনের চাপ সরকারকে উভয় সংকটে ফেলেছে।
