হাম উপসর্গে আরও ৯ মৃত্যু
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৩:৩৮ পিএম, ২৪ নভেম্বর ২০২৬ মঙ্গলবার
দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ জন মারা গেছে। গত ২৩ নভেম্বর সকাল ৮টা থেকে ২৪ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার এ মৃত্যু হয়েছে। এসময়ে নতুন করে ৬৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারাদেশে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ২৮৩ জন। এর মধ্যে ঢাকা বিভাগে ৫২৬ জন, চট্টগ্রামে ১৮৩ জন, সিলেটে ১৬৭ জন, বরিশালে ১৩৮ জন, খুলনায় ১০৭ জন, ময়মনসিংহে ৯০ জন, রাজশাহীতে ৩৯ জন এবং রংপুর বিভাগে ৩৩ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে মারা যাওয়া ৯ জনের মধ্যে ঢাকা ও সিলেটে ৩ জন করে এবং চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগে ১ জন করে মারা গেছেন। এসময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যুর তথ্য বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৪ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত সারাদেশে মোট সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ২ লাখ ৫৯ হাজার ১৯০ জন। এর মধ্যে নিশ্চিত হাম রোগী ২৬ হাজার ৩০০ জন। এ সময়কালে সন্দেহজনক হামে মোট ১ হাজার ২৫৬ জন এবং নিশ্চিত হামে ১০৫ জনের মৃত্যু হয়েছে।
