শুক্রবার   ১৩ মার্চ ২০২৬   ফাল্গুন ২৯ ১৪৩২   ২৪ রমজান ১৪৪৭

শ্রীলংকার রাজনৈতিক সংকটে শত কোটি ডলার ক্ষতি

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৫:০২ পিএম, ১২ জানুয়ারি ২০১৯ শনিবার

শ্রীলংকার সাম্প্রতিক রাজনৈতিক সংকটে ১০০ কোটি ডলার আর্থিক ক্ষতি হয়েছে দেশটির।

গত বছরের শেষদিকে এসে প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা ও প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের মধ্যকার দুই মাসব্যাপী ক্ষমতার দ্বন্দ্বে এ বিশাল পরিামণ রিজার্ভ হারায় ভারত মহাসাগরের দ্বীপ দেশটি।

এছাড়া বিশাল অঙ্কের বৈদেশিক ঋণের জালেও জড়িয়ে গেছে কলম্বো। শুক্রবার এ খবর দিয়েছে এএফপি।

গত বছরের অক্টোবরের শেষদিকে প্রধানমন্ত্রী বিক্রমাসিংহে হঠাৎই বরখাস্ত করেন প্রেসিডেন্ট মাইথ্রিপালা। প্রায় সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী নিয়োগ দেন এককালের কঠোর প্রতিদ্বন্দ্বী ও ‘শ্রীলংকার লৌহমানব’খ্যাত বিতর্কিত সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসেকে। শুধু তা-ই নয়, একপর্যায়ে পার্লামেন্ট ভেঙে দিয়ে আগাম নির্বাচনের তারিখও ঘোষণা করেন।

কিন্তু দেশটির সুপ্রিমকোর্ট প্রেসিডেন্টের এই দুই সিদ্ধান্তকে সংবিধানপরিপন্থী অভিহিত করেন। ৫১ দিনের রাজনৈতিক অচলাবস্থা শেষে অবশেষে প্রধানমন্ত্রিত্ব ফিরে পান বিক্রমাসিংহে। কিন্তু তত দিনে গুনতে হয় বড় অঙ্কের ক্ষতি।

রাজনৈতিক সংকটের ক্ষতির বিষয়ে বৃহস্পতিবার পার্লামেন্টের এক ভাষণে বিক্রমাসিংহে বলেন, দেশের ক্রমবর্ধমান বৈদেশিক ঋণ শোধ করতে হিমশিম খাচ্ছে শ্রীলংকা।

এজন্য গত বছরের ওই রাজনৈতিক সংকটকেই দোষারোপ করেছেন তিনি। ওই সংকট অর্থনীতির ‘চরম আঘাত’ হেনেছে বলেও মন্তব্য করেন তিনি।