নৈরাজ্য রোধে ঐক্যের যাত্রা
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০১:০৯ এএম, ২৩ নভেম্বর ২০২৬ সোমবার
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চলমান নাশকতা প্রতিরোধ এবং বৃহত্তর জাতীয় স্বার্থে জুলাই গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর মধ্যে ঐক্য সুদৃঢ় করার উদ্যোগ নিয়েছে ক্ষমতাসীন দল বিএনপি। এ লক্ষ্যে সংসদ ও সংসদের বাইরে থাকা যুগপৎ আন্দোলনের শরিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর অংশ হিসেবে আজ দুপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠকে বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে দলটির চার সদস্যের প্রতিনিধিদল অংশ নিচ্ছে। সংলাপের ধারাবাহিকতায় প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীর সঙ্গেও বৈঠকের কথা রয়েছে প্রধানমন্ত্রীর। একই সঙ্গে দলের সাংগঠনিক শক্তি যাচাইয়ে তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের মূল্যায়নের প্রক্রিয়াও শুরু হচ্ছে।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের লন্ডন সফর শেষে গতকাল দেশে ফেরার পর আজ দুপুরে বৈঠকের চূড়ান্ত সময় নির্ধারিত হয়। সংলাপের প্রাক্কালে গতকাল সন্ধ্যায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ঐক্য চাইলে সংবিধান সংশোধন কমিটি ভাঙতে হবে। গণভোটের গণরায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন, গণহত্যার সঠিক বিচার ত্বরান্বিত করা এবং আসন্ন গঙ্গাচুক্তির নবায়নসহ মৌলিক ইস্যুগুলোতে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ হলেই জাতীয় ঐক্য সম্ভব।
সরকারি ও দলীয় উচ্চপর্যায়ের দায়িত্বশীল সূত্রগুলো জানিয়েছে, আজ সোমবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সংলাপ শুরু হচ্ছে। এনসিপির পর পর্যায়ক্রমে সংসদের প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং বিগত দিনের যুগপৎ আন্দোলনের শরিক দল ও জোটগুলোর সঙ্গেও আলাদাভাবে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী। এর আগে জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়, যা দেশের রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক আলোচনার জন্ম দেয়।
সংলাপের মূল প্রেক্ষাপট ও লক্ষ্য : সাম্প্রতিক সময়ে গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ড রাজনৈতিকভাবে মোকাবিলা করতে চাইছে সরকার। এ লক্ষ্যে জুলাই অভ্যুত্থানের পক্ষের সব রাজনৈতিক শক্তির মধ্যে ন্যূনতম জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সরকারপ্রধান। এ ছাড়া বিগত আন্দোলনের শরিকদের সঙ্গে সম্পর্কের দূরত্ব ঘুচিয়ে ভবিষ্যৎ রাজনৈতিক পথচলায় পারস্পরিক বোঝাপড়া বাড়ানোও এ সংলাপের অন্যতম লক্ষ্য। সরকারের পক্ষ থেকে সংলাপ ও জাতীয় ঐক্যের এ আহ্বানে ইতিবাচক সাড়া দিয়েছে জামায়াতে ইসলামী ও এনসিপি। তবে দল দুটির নেতারা আলোচনার টেবিলে ‘জুলাই সনদ’ এবং গণভোটের রায়ের পূর্ণাঙ্গ বাস্তবায়নের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেবেন বলেও জানা যায়। যুগপৎ আন্দোলনের পুরোনো মিত্র দলগুলোও সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং নীতিনির্ধারণী পর্যায়ে তাদের মূল্যায়নের বিষয়টিও সামনে আনতে চায়।
সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, সংলাপে বিএনপির পুরোনো মিত্র ও গণতন্ত্র মঞ্চসহ সমমনা দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে ধারাবাহিক আলোচনা হবে। বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বর্তমানে অস্ট্রেলিয়া সফরে রয়েছেন। তিনি আগামী ২৬ নভেম্বর দেশে ফিরলে ২৭ বা ২৮ নভেম্বর জামায়াতে ইসলামীসহ ১১-দলীয় নির্বাচনি ঐক্যের শীর্ষ নেতাদের সঙ্গে সংলাপে বসবেন প্রধানমন্ত্রী।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, এসব বৈঠকে ‘জুলাই সনদ’ ও গণভোটের রায় বাস্তবায়নের বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পাবে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগবিরোধী অবস্থানে দলগুলোর মধ্যে নীতিগত ঐকমত্য থাকলেও ক্ষমতা কাঠামো, আগামী নির্বাচন এবং রাষ্ট্র সংস্কারের প্রক্রিয়া নিয়ে এখনো বেশ কিছু মতপার্থক্য রয়ে গেছে। আসন্ন সংলাপে এসব মতপার্থক্য নিরসন করে একটি কার্যকর রাজনৈতিক সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করা হবে।
দলের সাংগঠনিক তৎপরতা জোরদার : বিএনপির তৃণমূলের মূল্যায়ন ও সাংগঠনিক তৎপরতার বিষয়ে কেন্দ্রীয় পর্যায়ে রাজনৈতিক সংলাপের পাশাপাশি মাঠপর্যায়ে দলকে আরও সুসংগঠিত করার নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দলীয় নির্ভরযোগ্য সূত্র জানায়, দেশের বর্তমান পরিস্থিতিতে যেকোনো ধরনের অস্থিতিশীলতা প্রতিরোধে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোকে নিজস্ব কর্মসূচি নিয়ে মাঠে সক্রিয় থাকতে বলা হয়েছে। পাশাপাশি দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত নেতা-কর্মীদের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক জরিপ ও যাচাইবাছাই প্রক্রিয়া অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে শুরু হতে যাচ্ছে। এ প্রক্রিয়ায় বিগত আন্দোলন-সংগ্রামে নেতা-কর্মীদের ভূমিকা, বর্তমান সাংগঠনিক দক্ষতা এবং জনসম্পৃক্ততা যাচাই করা হবে।
জানা যায়, সংলাপের প্রস্তুতির পাশাপাশি জামায়াতে ইসলামী ও এনসিপিও দেশব্যাপী তাদের সাংগঠনিক তৎপরতা জোরদার করেছে। নাশকতা ও সহিংসতার প্রতিবাদে জামায়াত আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সারা দেশে সমাবেশ ও গণসংযোগ কর্মসূচি ঘোষণা করেছে।
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সম্প্রতি বলেছেন, দেশকে আবারও ফ্যাসিবাদী শাসন ও পরনির্ভরশীলতার দিকে ঠেলে দেওয়ার ষড়যন্ত্র চলছে। তিনি গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিগুলোকে এক মঞ্চে আসার আহ্বান জানান। তিনি বলেন, পতিত ফ্যাসিবাদী শক্তি ও পরনির্ভরশীলতার ষড়যন্ত্র মোকাবিলায় গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিগুলোকে আবারও এক মঞ্চে আসতে হবে। দেশের স্থিতিশীলতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই।
দেশব্যাপী সাম্প্রতিক অস্থিতিশীলতা ও দলীয় অবস্থান প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশের ভিতরে ও বাইরে থেকে পলাতক ফ্যাসিবাদী শক্তি নতুন করে অস্থিতিশীলতা ও নৈরাজ্য তৈরির ষড়যন্ত্র চালাচ্ছে। পরিকল্পিতভাবে নাশকতার চেষ্টা হলে জনগণ ও দলীয় নেতা-কর্মীরা ঐক্যবদ্ধভাবে তা প্রতিরোধ করবে।
বিএনপির নীতিনির্ধারকরা মনে করছেন, আলোচনার মাধ্যমে ভুল বোঝাবুঝি দূর করা সম্ভব। দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেন, দেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র ও স্থিতিশীলতার স্বার্থে সরকার সব দলের যৌক্তিক পরামর্শ শুনতে প্রস্তুত।
অন্যদিকে জামায়াত ও এনসিপির নেতারাও মনে করছেন, সংলাপের মাধ্যমে যদি জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের বিষয়ে একটি ন্যূনতম জাতীয় ঐকমত্যে পৌঁছানো যায়, তবে তা দেশের চলমান সংকট নিরসনে বড় ভূমিকা রাখবে। সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান প্রধানমন্ত্রীর ঐক্যের আহ্বানের পরিপ্রেক্ষিতে ইতিবাচক সাড়া দিয়ে বলেন, ‘আমরা তো সবাই ইলেকশনের আগ পর্যন্ত একই কাতারে ছিলাম। একই লাইনে ছিলাম। একই দর্শনে ছিলাম। বিনয়ের সঙ্গে অনুরোধ করব, দেশের বৃহত্তর স্বার্থে সেই জায়গাটায় ফিরে আসুন। ফ্যাসিবাদ ও আধিপত্যবাদবিরোধী ঐক্য শক্তিশালী হলে নাশকতা, অগ্নিসংযোগ ও সহিংসতা মোকাবিলা করা সম্ভব হবে।’ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘জাতীয় স্বার্থে আমরাও ঐক্যে বিশ্বাসী। তবে জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া রাজনৈতিক ঐক্যের পরিবেশ তৈরি হবে না। গণভোটের রায় মেনে নেওয়া হলে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে জামায়াত সর্বশক্তি নিয়ে মাঠে থাকবে। প্রশাসনসহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে ফ্যাসিবাদের সমর্থকরা এখনো অবস্থান করছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।’
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য সরোয়ার তুষার বলেন, জাতীয় ঐক্য গড়ে তুলতে প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়েছে এনসিপি। এ আহ্বানে ইতিবাচক সাড়া দিয়ে আজ সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে দলটির চার সদস্যের একটি প্রতিনিধিদল। তিনি জানান, জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। গতকাল রাতে যুক্তরাজ্য সফর শেষে দেশে ফেরার পর প্রতিনিধিদলের অন্য সদস্যদের নাম চূড়ান্ত করা হয়। জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ফ্যাসিবাদী তৎপরতা রোধ, তাদের বিচার নিশ্চিত করা এবং দেশে স্থিতিশীলতা বজায় রাখার প্রশ্নে বিএনপি, জামায়াত ও এনসিপিসহ সব দলই একমত। বৃহত্তর জাতীয় স্বার্থে ফ্যাসিবাদবিরোধী অবস্থানে অটল থাকার বিষয়ে কারও কোনো দ্বিমত নেই। তবে ঐকমত্যের পাশাপাশি ক্ষমতা কাঠামোর ভারসাম্য, রাষ্ট্র সংস্কারের পরিধি এবং আগামী নির্বাচনব্যবস্থা নিয়ে দলগুলোর মধ্যে দৃষ্টিভঙ্গির পার্থক্য রয়েছে। বিশেষ করে সংবিধান সংস্কারের প্রক্রিয়া কী হবে এবং সংসদের উচ্চকক্ষ বা নির্বাচনকালীন ব্যবস্থা কেমন হবে, এসব নিয়ে দলগুলোর নিজস্ব অবস্থান রয়েছে। এ ছাড়া এনসিপি ও জামায়াতের স্থানীয় পর্যায়ের নেতা-কর্মীদের ওপর হামলা এবং বিএনপির কিছু নেতা-কর্মীর বিরুদ্ধে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগ নিয়েও দলগুলোর মধ্যে অস্বস্তি রয়েছে। এনসিপি নেতারা জানিয়েছেন, সংলাপে তারা মাঠপর্যায়ের এ বিষয়গুলোও প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরবেন এবং এর প্রতিকার চাইবেন।
ঐক্য চাইলে সংবিধান সংশোধন কমিটি ভাঙতে হবে- নাহিদ ইসলাম : এনসিপির আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, শুধু আওয়ামী লীগ ঠেকানোর জন্য ডিসেম্বরে জাতীয় ঐক্যের কথা বলে জানুয়ারিতে একদলীয় কমিটির সুপারিশে সংবিধান সংশোধন করা হলে সেই ঐক্য প্রক্রিয়ায় অংশ নেবে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। জাতীয় ঐক্য প্রতিষ্ঠার আগে একদলীয় সংবিধান সংশোধন কমিটি ভেঙে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণের দাবি জানিয়েছেন তিনি। গতকাল যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, দেশে এখন সংকটকাল চলছে। সরকারপ্রধান সংলাপের আহ্বান জানালে দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে এনসিপি তাতে সাড়া দেবে। প্রধানমন্ত্রী কী চান এবং কীভাবে দেশকে এগিয়ে নিতে ও বর্তমান পরিস্থিতি মোকাবিলা করতে চান, তা আমরা শুনতে চাই।
নাহিদ ইসলাম বলেন, জাতীয় ঐক্যের অবশ্যই সুস্পষ্ট ভিত্তি ও অঙ্গীকার থাকতে হবে। এমন কিছু পদক্ষেপের মাধ্যমে ঐক্য প্রক্রিয়া শুরু করতে হবে, যাতে সবাই আশ্বস্ত হতে পারে। এ বিষয়ে এনসিপির পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হবে।
