টানা সাড়ে ৫২ ঘণ্টা খেলে জিটিএ সিক্স শেষ করলেন ‘আইশোস্পিড’
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ১০:৩৯ পিএম, ২১ নভেম্বর ২০২৬ শনিবার
বিশাল পরিসরের গেম ‘গ্র্যান্ড থেফট অটো সিক্স’ (জিটিএ সিক্স) শেষ করতে সাধারণত গেমারদের কয়েক সপ্তাহ ধরে খেলতে হয়। তবে দুই দিনেরও বেশি সময় না ঘুমিয়ে টানা খেলে গেমটির মূল গল্প শেষ করেছেন ইউটিউবার আইশোস্পিড (IShowSpeed)।
প্রায় ৫২ ঘণ্টা ৩০ মিনিট গেম খেলার পর মূল গল্পের শেষ পর্যায়ে পৌঁছান এই স্ট্রিমার। তার দীর্ঘ সময়ের এই খেলা সরাসরি সম্প্রচার করা হয়, যা দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
মেনস জার্নাল-এর প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রে গেমটির আনুষ্ঠানিক মুক্তির কিছুক্ষণ আগে এই ম্যারাথন শুরু করেন স্পিড। তবে মূল অভিযান বা ক্যাম্পেইন শুরু করার আগে গেমটির আনুষ্ঠানিক মুক্তির জন্য অপেক্ষা করেন তিনি।
পরবর্তী দুই দিন দর্শকরা তাকে একের পর এক মিশন সম্পন্ন করতে, গেমের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো উপভোগ করতে এবং গল্পের সমাপ্তির দিকে এগিয়ে যেতে দেখেন। সাময়িকীটির প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম ৪০ ঘণ্টার মধ্যেই গেমটির মূল গল্পের ৮০ শতাংশের বেশি শেষ করেছিলেন স্পিড।
তবে দীর্ঘ সময় না ঘুমিয়ে খেলার ধকল একপর্যায়ে তার ওপর স্পষ্ট হয়ে ওঠে। লাইভস্ট্রিম চলাকালে কয়েকবার নিজের ক্লান্তির কথা জানান তিনি। পুরো সময় একবারও ঘুমাননি বলেও দর্শকদের জানান এই স্ট্রিমার।
গেমের মূল গল্প শেষ করার পরও তার মধ্যে তেমন উচ্ছ্বাস দেখা যায়নি। বরং গল্পের কিছু দিক নিয়ে তাকে হতাশ মনে হয়েছে। একপর্যায়ে সমাপ্তির পর কাঁদতেও শুরু করেন তিনি।
তবে জিটিএ সিক্স শেষ করা প্রথম স্ট্রিমার নন আইশোস্পিড। নিউজিল্যান্ডে গেমটি আগে মুক্তি পাওয়ার সুবিধাসহ অন্যান্য কারণে ব্রাইসএক্সডি (BrycexD) ৪০ ঘণ্টার কম সময়ে তার আগেই গেমটি শেষ করেছিলেন।
এরপরও স্পিডের টানা ৫২ ঘণ্টার বেশি সময় ধরে খেলার ঘটনাটি জিটিএ সিক্স-এর আলোচিত প্লে-থ্রুগুলোর একটি হয়ে উঠেছে। দুই দিনের বেশি সময় জেগে থেকে গেম শেষ করার এই ব্যতিক্রমী প্রচেষ্টা তার অনলাইন স্ট্রিমিংয়ে ব্যাপক মনোযোগ তৈরি করেছে।
