শনিবার   ২১ নভেম্বর ২০২৬   অগ্রাহায়ণ ৬ ১৪৩৩   ১০ জমাদিউস সানি ১৪৪৮

জহিরুল ইসলাম ও আলাউদ্দিন আহমেদের যুগলবন্দি সন্ধ্যা অনুষ্ঠিত

আজকাল ডেস্ক

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৩:৫৬ এএম, ২১ নভেম্বর ২০২৬ শনিবার



কবি কাজী জহিরুল ইসলাম এবং কণ্ঠশিল্পী আলাউদ্দিন আহমেদের যুগলবন্দি সন্ধ্যার আয়োজন করে কথা ললিতকলা একাডেমি। গত ১৬ নভেম্বর ঢাকার গুলশানের একটি অভিজাত রেস্টুরেন্টে ‘জলসা’ শিরোনামের এই অনুষ্ঠানটি কবিকণ্ঠে কবিতাপাঠ এবং ধ্রুপদ সঙ্গীতের গাম্ভীর্য্যে প্রকৃত অর্থেই এক সুর ও ছন্দের জলসা হয়ে ওঠে।
কবি আতাহার খান, সাবেক সিনিয়র সচিব ও লেখক মফিজুল ইসলাম, ডিএফপির সাবেক মহাপরিচালক ও প্রাবন্ধিক লিয়াকত খান, সাবেক সচিব সেলিম আহমেদ, ব্রিগেডিয়ার জেনারেল নজরুল, ব্রিগেডিয়ার জেনারেল মেসবাহ, পুলিশের সাবেক ডিআইজি মাসুম রাব্বানীসহ সমাজের শিল্পমনা বিশিষ্ট ব্যক্তবর্গের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক ভিন্ন উচ্চতায় পৌঁছে যায়।
অনুষ্ঠানের শুরুতে কবি কাজী জহিরুল ইসলাম ও শিল্পী আলাউদ্দিন আহমেদকে কথা ললিতকলা একাডেমির মনোগ্রাম খচিত উত্তরীয় পরিয়ে দেন লিয়াকত খান ও ব্রিগেডিয়ার নজরুল। 
কাজী জহিরুল ইসলাম তার বিভিন্ন কাব্যগ্রন্থ থেকে আঙ্গিক ও বিষয় বৈচিত্র বজায় রেখে দুই ধাপে বেশ কিছু কবিতা পাঠ করেন। কবি কাজী জহিরুল ইসলাম জাতিসংঘের পিসকিপিং মিশনে কর্মরত অবস্থায় অর্জিত ভয়াবহ অভিজ্ঞতার আলোকে রচিত একটি কবিতা পাঠ করলে দর্শকরা মুগ্ধ এবং শিহরিত হন।
শিল্পী আলাউদ্দিন আহমেদ দুই ধাপে ১৪টি গান পরিবেশন করেন। উপস্থিত দর্শকদের রুচি এবং অনুষ্ঠানের ভাবগাম্ভীর্য্যরে বিষয়টি বিবেচনায় রেখে তিনি গান নির্বাচন করেন। আধুনিক, নজরুল, পল্লীগীতি এবং গজল আঙ্গিকের গান গেয়ে তিনি বোদ্ধা দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেন। শিল্পী আলাউদ্দিন আহমেদ বাংলাদেশ টেলিভিশনের উচ্চশ্রেণির তালিকাভূক্ত শিল্পী এবং সুরকার। তিনি ছায়ানট থেকে সঙ্গীতে গ্রাজুয়েশন করেছেন। তার সুরারোপিত গানে কণ্ঠ দিয়েছেন সামিনা চৌধুরী, শাম্মি আক্তার, ফেরদৌস আরা, তিমির নন্দী, আগুন, কিরন চন্দ্র রায়সহ অনেক খ্যাতিমান ও তরুণ কণ্ঠশিল্পী।
এই অনুষ্ঠানে কথা ললিতকলা একাডেমির পক্ষ থেকে কবি কাজী জহিরুল ইসলামকে তার কাব্যকীর্তির জন্য আজীবন সম্মাননা প্রদান করা হয়। কবির হাতে সম্মাননা তুলে দেন সাবেক সিনিয়র সচিব ও লেখক মফিজুল ইসলাম। 
অনুষ্ঠানের শেষে মফিজুল ইসলাম এবং লিয়াকত খান অনুষ্ঠান সম্পর্কে মিন্তব্য করতে গিয়ে যুগলবন্দি জলসার দুই গুণী পারফর্মারের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, শিল্পের চর্চা একটি রুচিশীল সমাজ নির্মাণে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
দর্শকদের মুহুর্মুহু করতালির মধ্য দিয়ে এই অনিন্দ্য সিম্ফনির সমাপ্তি ঘটে। অনুষ্ঠান শেষে নৈশভোজের টেবিলে টেবিলে দর্শকরা তাদের মুগ্ধতা প্রকাশে মুখর হয়ে ওঠেন। অনুষ্ঠানস্থলে বিক্রয়ের জন্য কবি কাজী জহিরুল ইসলামের বেশ কিছু বইয়ের পশরা সাজানো ছিল। কবির ভক্ত অনুরাগীরা অটোগ্রাফসহ বই সংগ্রহ করেন।