শনিবার   ২১ নভেম্বর ২০২৬   অগ্রাহায়ণ ৬ ১৪৩৩   ১০ জমাদিউস সানি ১৪৪৮

কনসুলেটে বিপ্লব ও সংহতি দিবস পালন

আজকাল রিপোর্ট

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৩:৫৪ এএম, ২১ নভেম্বর ২০২৬ শনিবার


 
ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করেছে নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল ও জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন। কনস্যুলেট জেনারেল কার্যালয়ে আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ও সংসদ সদস্য জহির উদ্দীন স্বপন।
নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মুহাম্মদ মোজাম্মেল হকের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমির এবং জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স রাষ্ট্রদূত সঞ্চিতা হক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গিয়াস আহমেদ, কাজী আজম, জসিম উদ্দিন, মাসুদুলহক চৌধুরী, নীরা রাব্বানী, শিল্পী রিজিয়া পারভীন প্রমুখ।
অনুষ্ঠানে ৭ নভেম্বরকে বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শন ও ধারাবাহিকতার উৎসবিন্দু হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে জাতীয় ঐক্য, সংহতি ও বাংলাদেশি জাতীয়তাবাদের বিকাশে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। সিপাহি-জনতার ঐক্যবদ্ধ ভূমিকা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্রনায়ক হিসেবে আবির্ভাবের পথ তৈরি করেছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্রনায়ক হতে চাননি। ৭ নভেম্বরের সিপাহী জনতার অভ্যুত্থানই তাকে সেখানে নিয়ে গিয়েছে। যেভাবে ৭ নভেম্বর বাংলাদেশি জাতীয়তাবাদ প্রস্ফুটিত হয়েছে, ঠিক তেমনি দেশপ্রেমিক একজন নাগরিক রাজনীতিক ও রাষ্ট্রনায়কে পরিণত হয়েছেন। তিনিই বাংলাদেশি জাতীয়তাবাদ ও রাজনীতির দর্শন ও কেন্দ্রবিন্দু ছিলেন। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করছিলেন কনসাল জেনারেল মোজাম্মেল হক পিটার। ৭ নভেম্বর সে সময়ে নানা বিরোধ ও সংকটের সমাধান দিয়েছে। জাতির আত্ম পরিচয়ের সংকটেরও সমাধান দিয়েছে এই দিনটি।
বক্তারা বলেন, ৩ নভেম্বর শহীদ জিয়াউর রহমান আটক ছিলেন। রাষ্ট্রযন্ত্র দখল করেছিল খালেদ মোশাররফ ও মোশতাক হোসেন। কোনভাবেই জিয়াউর রহমান এর সাথে জড়িত ছিলেন না। অথচ পতিত ফ্যাসিস্ট সরকার ২২টি বছর জেলখানা হত্যাকান্ড নিয়ে অপপ্রচার চালিয়েছে।
অনুষ্ঠানে অন্যান্য বক্তারাও ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট ও জাতীয় জীবনে এর তাৎপর্য তুলে ধরেন। তাঁরা বলেন, এ দিবস জাতীয় ঐক্য, দেশপ্রেম ও সংহতির চেতনাকে ধারণ করে। স্বাধীনতা ও সার্বভৌমত্ব সমুন্নত রাখা, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং জাতীয় স্বার্থে সম্মিলিতভাবে কাজ করার ক্ষেত্রে এ দিনের শিক্ষা গুরুত্বপূর্ণ।