শনিবার   ২১ নভেম্বর ২০২৬   অগ্রাহায়ণ ৬ ১৪৩৩   ১০ জমাদিউস সানি ১৪৪৮

যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলার ঘটনা বেড়েছে

আজকাল রিপোর্ট

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৩:৩৫ এএম, ২১ নভেম্বর ২০২৬ শনিবার


 
যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা চলার মধ্যেই পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। গত মঙ্গলবার এসব হামলার ঘটনা ঘটেছে। ইরান হামলা চালিয়েছে বাহরাইন ও কুয়েতে থাকা মার্কিন স্থাপনাগুলো টার্গেট করে। আর যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে ইরানের কেশম দ্বীপে। সংবাদ সংস্থার মতে, বাহরাইনে যুক্তরাষ্ট্রের সামরিক রেডার সিস্টেমে হামলার দাবি করার পর যুক্তরাষ্ট্র ইরানের একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রে হামলা চালিয়েছে।
মার্কিন সামরিক বাহিনীর একজন কর্মকর্তা জানান, হরমুজ প্রণালির কাছে কেশম দ্বীপে অবস্থিত ইরানের ইসলামিক রেভল্যুশানির গার্ড কোরের (আইআরজিসি) একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণস্থল লক্ষ্য করে মার্কিন যুদ্ধবিমান আক্রমণ চালিয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, ‘যুক্তরাষ্ট্রের সেনা সদস্য ও সামরিক সম্পদ লক্ষ্য করে ইরানের আগ্রাসনের জবাবে এই হামলা চালানো হয়েছে।’ এদিকে ইরানের এক কর্মকর্তা জানিয়েছেন, মার্কিন হামলায় ইরানের কোনো অবকাঠামোর ক্ষতি হয়নি।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে দেশটির দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের ডেপুটি গভর্নর আহমাদ নাফিসি বলেন, ‘কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলায় আবাসিক, বাণিজ্যিক বা অবকাঠামোগত কোনো ক্ষয়ক্ষতিই হয়নি।’
মঙ্গলবার এর আগে আইআরজিসি জানিয়েছিল, তারা বাহরাইনের শেখ ঈসা ঘাঁটিতে অবস্থিত মার্কিন সামরিক রেডার ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালিয়েছে। বাহরাইনে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদর দপ্তর অবস্থিত। দেশটি জানিয়েছে, তারা হামলাটি প্রতিহত করেছে। এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।
ইরানের হামলার সময় অল্প সময়ের ব্যবধানে দুটি বিপদসংকেত জারি করার পর নাগরিকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছে বাহরাইনের কর্তৃপক্ষ। এদিকে ইরান কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে বলেও দাবি করেছে। অবশ্য এক্সে এক পোস্টে কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘শত্রুর’ ড্রোন হামলা প্রতিহত করেছে।
তারা বলেছে, বিস্ফোরণের যে শব্দ শোনা গেছে, তা মূলত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ড্রোন ভূপাতিত করার শব্দ। তবে এসব ড্রোন হামলা কারা চালিয়েছে, সে বিষয়ে কুয়েত কারো নাম বলেনি। রয়টার্স লিখেছে, চলতি মাসে হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারের ওপর হামলার ঘটনা বেড়েছে।
মঙ্গলবার ইরানের নৌবাহিনী ও আইআরজিসি জানায়, হরমুজ প্রণালিতে এলএনজিবাহী একটি জাহাজ এবং দুটি তেলবাহী ট্যাংকারে আগুন লেগেছে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস সংস্থা জানিয়েছে, ওমানের বন্দরনগরী খাসাবের উত্তরে একটি ট্যাংকার হামলার শিকার হয়। ওই ট্যাংকারের নাবিকদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এসব হামলার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ইরান বাধা অব্যাহত রাখায় দেশটির ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধও বহাল থাকবে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে ইরান যুদ্ধ শুরু হয়। তুমুল যুদ্ধের এক পর্যায়ে গত এপ্রিলে যুক্তরাষ্ট্র ও ইরান দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়। কিন্তু যুদ্ধবিরতি বেশি দিন টেকেনি আর শেষ পর্যন্ত ভেস্তে যায়।
তারপর থেকে বড় ধরনের কোনো যুদ্ধ শুরু না হলেও থেমে থেমে দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত আছে আর সামগ্রিকভাবে একটি অচলাবস্থা বিরাজ করছে। এশিয়া সফররত ট্রাম্প বলেছেন, ইরান কিংবা ইয়েমেনে থাকা তেহরান-সমর্থিত হুতি গোষ্ঠীর পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোনো উসকানিমূলক পদক্ষেপ না এলে তিনি ইরানে হামলা চালানো থেকে বিরত থাকতে পারেন।