শনিবার   ২১ নভেম্বর ২০২৬   অগ্রাহায়ণ ৬ ১৪৩৩   ১০ জমাদিউস সানি ১৪৪৮

নতুন আঙ্গিকে শুরু হলো ভ্যানউইক এক্সপ্রেসওয়ে

আজকাল রিপোর্ট

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৩:২২ এএম, ২১ নভেম্বর ২০২৬ শনিবার


 

 
দীর্ঘ ছয় বছরের অপেক্ষার পর অবশেষে শেষ হলো কুইন্স এলাকার বহুল প্রতীক্ষিত ‘ভ্যানউইক এক্সপ্রেসওয়ে’ সংস্কার সম্প্রসারণ প্রকল্পের মূল কাজ। ১.৪ বিলিয়ন ডলার ব্যয়ে এ প্রকল্পের মাধ্যমে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরকে (জেএফকে) কুইন্সের উত্তরাঞ্চলের সাথে সংযুক্ত করেছে।
গত ১৭ নভেম্বর নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল, নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি এবং কুইন্স বরো প্রেসিডেন্ট ডোনোভান রিচার্ডস জুনিয়র আনুষ্ঠানিকভাবে এই মেগা প্রকল্পের মূল অংশের সমাপ্তি ঘোষণা করেন।
অনুষ্ঠানে গভর্নর জানান, সংস্কারকাজ সম্পন্ন হওয়ার ফলে জেএফকে বিমানবন্দরে যাতায়াতের সময় ২৫ মিনিট পর্যন্ত কমে আসবে। সবচেয়ে বড় পরিবর্তনটি হলো-ট্যাক্সি, বাস এবং একাধিক যাত্রী বহনকারী যানবাহনের জন্য আলাদা ‘এইচওভি’ লেন যুক্ত করা হয়েছে। এই লেনগুলো বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আনবে; এর ফলে বিমানবন্দরে যাতায়াত দ্রুততর হবে এবং একই সঙ্গে মূল মহাসড়কে যানজটও হ্রাস পাবে। এছাড়া, রাস্তার পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নতি করা হয়েছে, প্রবেশ ও প্রস্থানেরর্ যাম্পগুলো নতুন করে সাজানো হয়েছে এবং ২৩টি সেতু প্রতিস্থাপন বা সংস্কার করা হয়েছে। অনুষ্ঠানে কমিউনিটি বোর্ড-৮-এর সদস্য ফখরুল ইসলাম দেলোয়ারসহ বাংলাদেশি কমিউনিটির অনেকেই অংশ নেন।
২০২০ সালের শুরুতে শুরু হওয়া ভ্যানউইক এক্সপ্রেসওয়ের ৪.৩ মাইল দীর্ঘ অংশের আধুনিকায়ন প্রকল্পের কারণে গত ছয় বছর ধরে এই এলাকায় যাতায়াত করা মানুষজনকে যানজটের ভয়াবহ ভোগান্তিতে পড়তে হয়। কাজ শেষ হওয়ায় কুইন্স এবং জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে যাতায়াতকারী হাজার হাজার চালক ও যাত্রীর দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটতে যাচ্ছে। নিউইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশনের তত্ত্বাবধানে এই প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে।