মিশিগানে এটর্নি মঈন চৌধুরী সংবর্ধিত
আজকাল রিপোর্ট
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৩:২১ এএম, ২১ নভেম্বর ২০২৬ শনিবার
আমেরিকান ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশনের পরিচালক ও মার্কিন অ্যাটর্নি মঈন চৌধুরীকে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশি ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন অব মিশিগান।
বুধবার ১৮ নভেম্বর সন্ধ্যা ৬টায় মিশিগানের ওয়ারেন শহরের বিসমিল্লাহ পার্টি হলে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বাংলাদেশি বংশোদ্ভূত আইনজীবী, আইন পেশার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং কমিউনিটির প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সংবর্ধনার জবাবে অ্যাটর্নি মঈন চৌধুরী বলেন, দল-মত নির্বিশেষে মক্কেলকে আইনি সেবা প্রদান করা একজন আইনজীবীর প্রথম ও প্রধান কর্তব্য। আইনজীবীদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে দলীয় পরিচয় বা রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে থেকে মানুষের আইনগত অধিকার রক্ষাকে অগ্রাধিকার দেওয়া উচিত। আইন পেশার মূল ভিত্তি হচ্ছে ন্যায়বিচার, পেশাগত সততা, দায়িত্ববোধ এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল থাকা।
বাংলাদেশি লইয়ার্স অ্যাসোসিয়েশন অব মিশিগানের আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুর রহিমের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন অ্যাডভোকেট কায়সার হাসান শিমন এবং অ্যাডভোকেট মোহাম্মদ শফিউল আযম মাছুম।
এতে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মহাব্বত খান, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ লালা, অ্যাডভোকেট সামিনা, অ্যাডভোকেট নুরুল ইসলাম মঈনুল, অ্যাডভোকেট মঈনুদ্দিন আহমেদ, অ্যাডভোকেট মাহমুদুর রহমান, অ্যাডভোকেট মহসিন চৌধুরী ও অ্যাডভোকেট রুকসানাসহ অন্যান্য আইনজীবী এবং কমিউনিটির প্রতিনিধিরা।
