পৃথিবী থেকে এক আলোকদিন দূরত্ব পার করল ভয়েজার-১
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০১:৫৮ এএম, ১৯ নভেম্বর ২০২৬ বৃহস্পতিবার
যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার মহাকাশযান ভয়েজার-১ পৃথিবী থেকে এমন এক দূরত্বে পৌঁছেছে বলে ধারণা করা হচ্ছে, যা আগে পৃথিবী থেকে পাঠানো অন্যকোনো মহাকাশযান অর্জন করতে পারেনি। আন্তনাক্ষত্রিক মহাশূন্যের প্রায় শূন্য পরিবেশের মধ্য দিয়ে এগিয়ে চলা মহাকাশযানটির অগ্রগতির অ্যাডভান্সড কম্পিউটিং করে এ তথ্য জানিয়েছে নাসা।
১৯৭৭ সালে উৎক্ষেপণ করা ভয়েজার-১ বুধবার যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় ভোর ৫টা ১৬ মিনিটে পৃথিবী থেকে এক আলোকদিন দূরত্বে পৌঁছেছে বলে হিসাব করেছে নাসা। এক আলোকদিন হলো আলো ২৪ ঘণ্টায় যে দূরত্ব অতিক্রম করে, যা প্রায় ২৬০০ কোটি কিলোমিটার।
ক্যালিফোর্নিয়ায় নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির কর্মকর্তাদের মহাকাশযানটির কাছ থেকে সংকেত পাওয়ার জন্য প্রায় এক দিন অপেক্ষা করতে হবে। সংকেতটি এ দূরত্বে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করবে। এ মাইলফলক নিয়ে আলোচনা করতে বৃহস্পতিবার একটি অনুষ্ঠানের আয়োজন করেছে নাসা।
ভয়েজার প্রকল্পের ব্যবস্থাপক সুজান ডড বললেন, ‘এক আলোকদিন দূরত্বে পৌঁছানো অবিশ্বাস্য এক অর্জন। আমি কখনো ভাবিনি এমন কিছু দেখার সুযোগ পাব।’
মানুষের তৈরি সবচেয়ে দূরবর্তী বস্তু ভয়েজার-১ ঘণ্টায় প্রায় ৬১ হাজার কিলোমিটার বেগে ছুটছে। সূর্যের তৈরি কণা ও চৌম্বকক্ষেত্রের সুরক্ষামূলক বলয় হেলিওস্ফিয়ারের বাইরের প্রান্ত অতিক্রম করে ২০১২ সালে আন্তনাক্ষত্রিক মহাশূন্যে প্রবেশ করে এটি। এর জমজ মহাকাশযান ভয়েজার-২ও ১৯৭৭ সালে উৎক্ষেপণ করা হয়েছিল। এটি ২০১৮ সালে আন্তনাক্ষত্রিক মহাশূন্যে প্রবেশ করে।
জেট প্রপালশন ল্যাবরেটরির এক প্রতিনিধি জানিয়েছেন, সাম্প্রতিক বিদ্যুৎ সাশ্রয়ী পদক্ষেপের ফলে ভয়েজার দুটি মহাকাশযান আরও তিন থেকে চার বছর পৃথিবীর সঙ্গে যোগাযোগ রাখতে পারবে বলে আশা করা হচ্ছে।
ওই প্রতিনিধি বললেন, ‘তবে মিশনের লক্ষ্য বৈজ্ঞানিক গবেষণা। আগামী বছর উৎক্ষেপণের ৫০ বছর পূর্তি পর্যন্ত বর্তমান যন্ত্রপাতিগুলো চালু রাখার মতো বিদ্যুৎ রয়েছে। এরপর কী হবে, তা অনুমান করা কঠিন। অবশ্য মহাকাশযান দুটি প্রায় ৫০ বছরের পুরনো। এমন অনেক অপ্রত্যাশিত ঘটনা ঘটতে পারে, যা দলটির ধারণার বাইরে।’
ভয়েজার-১ তার মিশনের প্রথম দিকে সৌরজগতের দুটি বৃহত্তম গ্রহ বৃহস্পতি ও শনির পাশ দিয়ে উড়ে গেছে। এখনো এটি বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ করছে। উদাহরণস্বরূপ, এর যন্ত্রপাতি আন্তনাক্ষত্রিক মহাশূন্যে থাকা অল্প পরিমাণ গ্যাসের অবিরাম কম্পনের ফলে সৃষ্ট ক্ষীণ, একটানা গুঞ্জন শনাক্ত করেছে।
ডড বললেন, ‘ভয়েজার চৌম্বকক্ষেত্র, মহাজাগতিক রশ্মি ও প্লাজমা তরঙ্গের ধারাবাহিক পরিমাপ পাঠাচ্ছে। ডিপ স্পেস নেটওয়ার্কের অ্যান্টেনা যখন ভয়েজারের দিকে তাক করে থাকে, তখন পৃথিবীতে আমরা এসব তথ্য গ্রহণ করি।’
ডিপ স্পেস নেটওয়ার্ক হলো নাসার বিশাল রেডিও অ্যান্টেনার একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক, যা আন্তগ্রহ মহাকাশযানের বিভিন্ন মিশনে যোগাযোগের সহায়তা দেয়।
ডড বললেন, ‘হেলিওপজ অতিক্রম করার পর প্রত্যাশা অনুযায়ী চৌম্বকক্ষেত্রের দিক আন্তনাক্ষত্রিক অঞ্চলের দিকে ঘুরে যায়নি। বরং ভয়েজার দুটি হেলিওপজ অতিক্রম করার সময় চৌম্বকক্ষেত্রের যে দিক ছিল, সেটিই বজায় রয়েছে। এ দিকটি আমাদের সূর্য দ্বারা নিয়ন্ত্রিত। আমরা পর্যবেক্ষণ করছি, কখন এ দিক পরিবর্তন হতে পারে।’
তিনি আরও বলেন, ‘আমরা এখনো সূর্যের প্রভাবও পর্যবেক্ষণ করছি। এর মধ্যে করোনাল মাস ইজেকশনের মতো শক্তিশালী সৌরঝড় রয়েছে, যা ধাক্কা ও চাপের তরঙ্গ তৈরি করে। এসব তরঙ্গ ভয়েজার-১ পর্যন্ত, এমনকি তারও দূরে পৌঁছায়।’
ডড বললেন, ‘সূর্যের প্রভাব কোথায় শেষ হয় এবং প্রকৃত আন্তনাক্ষত্রিক মহাশূন্য কোথায় শুরু হয়? হয়তো ভয়েজার এত দিন টিকে থাকবে যে এ প্রশ্নের উত্তর দিতে পারবে।’
