বৃহস্পতিবার   ১৯ নভেম্বর ২০২৬   অগ্রাহায়ণ ৪ ১৪৩৩   ০৮ জমাদিউস সানি ১৪৪৮

১৫ বছরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি অভিবাসী বেড়েছে ১৪১ শতাংশ

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:১৭ এএম, ১৯ নভেম্বর ২০২৬ বৃহস্পতিবার

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি অভিবাসীর সংখ্যা বাড়ছে উল্লেখযোগ্য হারে। গত ১৫ বছরে দেশে বাংলাদেশি অভিবাসীর সংখ্যা বেড়েছে ১৪১ শতাংশ। আর সর্বশেষ চার বছরেই এই বৃদ্ধির হার ২৯ শতাংশ। যুক্তরাষ্ট্রের অভিবাসী জনসংখ্যা নিয়ে প্রকাশিত এক নতুন পরিসংখ্যানে উঠে এসেছে বাংলাদেশের এই অগ্রগতির চিত্র।

যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা সেন্টার ফর ইমিগ্রেশন স্টাডিজের (সিআইএস) ১৭ নভেম্বর প্রকাশিত এক বিশ্লেষণে বলা হয়েছে, ২০১০ থেকে ২০২৫ সালের মধ্যে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি অভিবাসীর সংখ্যা ১৪১ শতাংশ বেড়েছে। ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যবর্তী চার বছরেও বেড়েছে ২৯ শতাংশ। অর্থাৎ দীর্ঘ সময়ের পাশাপাশি সাম্প্রতিক বছরগুলোতেও যুক্তরাষ্ট্রে বাংলাদেশি অভিবাসী জনগোষ্ঠীর বিস্তার অব্যাহত রয়েছে।

একই সময়ে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে নেপাল থেকে আসা অভিবাসীর সংখ্যা ১৫ বছরে বেড়েছে ২৫৬ শতাংশ। আফগানিস্তানের ক্ষেত্রে এই হার ৩৯০ শতাংশ। অন্যদিকে ভেনেজুয়েলা থেকে আসা অভিবাসীর সংখ্যা বেড়েছে ৪৭১ শতাংশ, যা তালিকায় সর্বোচ্চ।

প্রতিবেদনে আরও উঠে এসেছে, ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে যুক্তরাষ্ট্রে বিদেশে জন্ম নেওয়া মানুষের সংখ্যা বেড়েছে ১১ দশমিক ৪ শতাংশ। বিপরীতে যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া জনসংখ্যা বেড়েছে মাত্র ১ দশমিক ৭ শতাংশ। দীর্ঘ ১৫ বছরের হিসাবেও অভিবাসী জনসংখ্যা বৃদ্ধির হার দেশটিতে জন্ম নেওয়া জনগোষ্ঠীর তুলনায় তিন গুণের বেশি।

সংশ্লিষ্টরা বলছেন, এই পরিসংখ্যান যুক্তরাষ্ট্রে নতুন করে প্রবেশ করা অভিবাসীর সংখ্যা নির্দেশ করে না। বরং নির্দিষ্ট সময়ের মধ্যে সংশ্লিষ্ট দেশের অভিবাসী জনগোষ্ঠীর মোট জনসংখ্যার পরিবর্তন তুলে ধরে, যেখানে নতুন আগমনের পাশাপাশি মৃত্যু ও দেশত্যাগের হিসাবও বিবেচনায় নেওয়া হয়েছে।