বৃহস্পতিবার   ১৯ নভেম্বর ২০২৬   অগ্রাহায়ণ ৪ ১৪৩৩   ০৮ জমাদিউস সানি ১৪৪৮

কালো তালিকাভুক্ত প্রতিষ্ঠানের হাতে শতকোটি টাকার কাজ

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:১২ এএম, ১৯ নভেম্বর ২০২৬ বৃহস্পতিবার

কালো তালিকাভুক্ত হওয়া ঠিকাদারি প্রতিষ্ঠান পেয়েছে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) শতকোটি টাকার নির্মাণ কাজ। প্রতিষ্ঠানটিকে ইতোমধ্যে নোটিফিকেশন অব অ্যাওয়ার্ডও (নোয়া) দিয়েছে রামেবি।

এরপরই প্রতিষ্ঠানটি কালো তালিকাভুক্ত হয়েছে। এক্ষেত্রে চুক্তি না করার জন্য বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির (বিপিপিএ) স্পষ্ট নির্দেশনা থাকলেও রামেবি এখনো প্রতিষ্ঠানটির নোয়া বাতিল করেনি। ঠিকাদারি প্রতিষ্ঠানটির নাম ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স (এনডিই) লিমিটেড। রাজধানীর বনানীতে তাদের অফিস। প্রতিষ্ঠানটি রামেবি প্রতিষ্ঠা প্রকল্পের আওতায় বেজমেন্টসহ ৯ তলা নন-ক্লিনিক্যাল অনুষদ ভবন নির্মাণের কাজ পেয়েছে। গত বছরের নভেম্বর-ডিসেম্বরে এর দরপত্র প্রক্রিয়া সম্পন্ন হয়। ভবনটি নির্মাণের মেয়াদ চলতি বছরের ১ মার্চ থেকে ২০২৮ সালের ১ মার্চ পর্যন্ত। কিন্তু গত ১৩ সেপ্টেম্বর থেকে দুই বছরের জন্য প্রতিষ্ঠানটি কালো তালিকাভুক্ত হয়েছে।

নথিপত্রে দেখা গেছে, কাজটি পেতে ১৪টি ঠিকাদারি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছিল। এনডিই ৯৫ কোটি ৪০ লাখ    ২ হাজার ৩৭৯ টাকা দর দিয়ে অষ্টম স্থানে ছিল। কিন্তু অভিজ্ঞতাসহ অন্যান্য বিষয়ের পুনর্মূল্যায়নে এনডিইকেই কাজটি দেয় দরপত্র মূল্যায়ন কমিটি।

বিপিপিএর নথি অনুযায়ী, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) প্রধান কার্যালয়ের জন্য নিকুঞ্জতে ১২ তলা ভবন নির্মাণের কাজ পেয়েছিল এনডিই। ২০২১ সালের ৩ জুন চুক্তি হয়। তবে চুক্তি অনুযায়ী কাজ না করায় গতবছরের ১২ মে চুক্তি বাতিল করে ডেসকো। এরপর প্রতিষ্ঠানটিকে চলতি বছরের ১৩ সেপ্টেম্বর থেকে ২০২৮ সালের ১২ সেপ্টেম্বর পর্যন্ত নিষিদ্ধ করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং ডেসকো। যদিও রামেবির কাজের নোয়া পাওয়ার পর প্রতিষ্ঠানটি কালো তালিকাভুক্ত হয়েছে। ১৫ নভেম্বর বিপিপিএর প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো. কামরুজ্জামান স্বাক্ষরিত এক পরিপত্রে বলা হয়েছে, ‘কোনো প্রতিষ্ঠান দরপত্র আহ্বানের পূর্বে বারিত (কালো তালিকাভুক্ত) ছিল না, তবে দরপত্র মূল্যায়নকালীন কোনো দরপত্রদাতা কোনো ক্রয়কারী কর্তৃক বারিত হয়েছে এরূপ দরপত্রদাতাও চলমান বা ভবিষ্যতে প্রক্রিয়াধীন সব দরপত্রে অংশগ্রহণের ক্ষেত্রে বিধি অনুযায়ী অযোগ্য বলে বিবেচিত হবে। রামেবির উপপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রকৌশলী আশরাফুল ইসলাম বলেন, ‘আমরা নোয়া দেওয়ার পর এনডিই কালো তালিকাভুক্ত হয়েছে। এখনো পর্যন্ত কোনো নির্মাণ কাজও শুরু হয়নি। এ অবস্থায় আমাদের করণীয় কী তা জানতে চেয়ে বিপিপিএতে চিঠি দেওয়া হয়েছে। যেভাবে নির্দেশনা আসবে সেভাবে পদক্ষেপ নেওয়া হবে।’ নোয়া পাওয়ার পরেও কালো তালিকাভুক্ত হলে প্রতিষ্ঠান অযোগ্য বিবেচিত হবে-বিপিপিএর এমন পরিপত্রের পরও এনডিইরি ব্যাপারে পদক্ষেপ না নেওয়ার বিষয়ে জানতে চাইলে উপাচার্য ও রামেবি স্থাপন প্রকল্পের পরিচালক (পিডি) অধ্যাপক ডা. জাওয়াদুল হক বলেছেন, ‘বিপিপিএ যদি এমন পরিপত্র দেয়, তাহলে তো সব স্পষ্ট। এ রকম হলে আমরা ওই প্রতিষ্ঠানকে দিয়ে কাজ করাব না। এখন পরবর্তী প্রতিষ্ঠান কাজ পাবে, না কি নতুন করে দরপত্র আহ্বান করতে হবে সেটা জেনে নিয়ে পদক্ষেপ নেব।’