মঙ্গলবার   ১৭ নভেম্বর ২০২৬   অগ্রাহায়ণ ৩ ১৪৩৩   ০৬ জমাদিউস সানি ১৪৪৮

কারাগারে আর বাঁচতে পারবেন কিনা, শঙ্কায় ইমরান খান

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ১২:৩১ পিএম, ১৭ নভেম্বর ২০২৬ মঙ্গলবার

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান নিজের ও স্ত্রী বুশরা বিবির চিকিৎসার ব্যবস্থা করতে দেশটির শীর্ষ আদালতের বিচারপতিদের কাছে আবেদন জানিয়েছেন। কারাগারে তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে উল্লেখ করে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, এভাবে চলতে থাকলে হয়তো মারা যাবেন।

দেশটির প্রধান বিচারপতিদের উদ্দেশে লেখা এক খোলা চিঠিতে ইমরান খান বলেন, ‘৭৪ বছর বয়সে রাষ্ট্রের এই নিরবচ্ছিন্ন নির্যাতন আমাকে এমন এক অবস্থার দিকে ঠেলে দিচ্ছে, যেখান থেকে হয়তো আর জীবিত ফিরে আসতে পারব না।’

সোমবার (১৬ নভেম্বর) ইমরান খানের আইনজীবী ব্যারিস্টার সালমান সাফদার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে চিঠিটি প্রকাশ করেন।

এতে বলা হয়, গত ১১ নভেম্বর আদিয়ালা কারাগারে সাক্ষাতের সময় ইমরান খান তাকে এই বার্তা বিচারপতিদের কাছে পৌঁছে দিতে নির্দেশ দিয়েছিলেন। পাকিস্তানের ফেডারেল সাংবিধানিক আদালত, সুপ্রিম কোর্ট ও ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতিদের উদ্দেশে চিঠিটি লেখা হয়েছে।

চিঠিতে নিজের ও স্ত্রীর চিকিৎসার সুযোগ চেয়ে ইমরান খান বলেন, যারা চিকিৎসার খরচ বহন করতে পারেন না, তাদের বিনা মূল্যে চিকিৎসা দিতে তিনি জীবনের বড় একটি সময় হাসপাতাল প্রতিষ্ঠায় ব্যয় করেছেন। অথচ আজ নিজের ও স্ত্রীর চিকিৎসার জন্য তাকে আবেদন জানাতে হচ্ছে।

তিনি বলেন, ‘আমি একজন সাবেক প্রধানমন্ত্রী কিংবা রাজনৈতিক দলের প্রধান হিসেবে লিখছি না। ক্রিকেট মাঠ, সমাজসেবা, জনকল্যাণমূলক কাজ এবং দেশের ২২তম প্রধানমন্ত্রী হিসেবে আমি পাকিস্তানের সেবা করেছি।’

১৯৯২ সালের বিশ্বকাপজয়ী এই অধিনায়ক দাবি করেন, ৭০ বছর বয়স পার হওয়ার পর থেকে তাকে নজিরবিহীন রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে হয়েছে। তার বিরুদ্ধে একের পর এক মামলা হয়েছে, আদালতে শতাধিকবার হাজির হতে হয়েছে এবং তাকে হত্যাচেষ্টারও শিকার হতে হয়েছে। তবে প্রতিটি মামলায় তিনি আইনি পথেই লড়াই চালিয়ে গেছেন বলে দাবি করেন।

২২ ঘণ্টা নির্জন কারাবাসের অভিযোগ

চিঠিতে ইমরান খান অভিযোগ করেন, তোশাখানা-২ মামলার রায়ের পর থেকে তার সঙ্গে বাইরের দুনিয়ার যোগাযোগ প্রায় সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। ওই মামলায় সৌদি আরব সফরের সময় উপহার পাওয়া একটি বুলগারি গয়নার সেট কেনার ঘটনায় ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে ১৭ বছর করে কারাদণ্ড দেওয়া হয়।

ইমরানের দাবি, তাকে দিনে প্রায় ২২ ঘণ্টা নির্জন কারাকক্ষে রাখা হচ্ছে। পরিবারের সদস্য, আইনজীবী, এমনকি দুই ছেলে কাসিম ও সুলেমানের সঙ্গেও কথা বলতে দেওয়া হচ্ছে না। বই ও টেলিভিশন থেকেও তাকে বঞ্চিত রাখা হয়েছে।

তিনি জানান, সুপ্রিম কোর্টের নিয়োগ করা আইনজীবী সালমান সাফদার গত ১০ ফেব্রুয়ারি তার সঙ্গে দেখা করার পর জানতে পারেন, তার ডান চোখের দৃষ্টিশক্তির ৮৫ শতাংশ নষ্ট হয়ে গেছে। অথচ বিষয়টি তার পরিবার ও আইনজীবীদের জানানো হয়নি বলে অভিযোগ করেন ইমরান।

দীর্ঘদিন একাকী বন্দি থাকার কারণে তার মানসিক স্বাস্থ্যের ওপরও নেতিবাচক প্রভাব পড়ছে বলে দাবি করেন তিনি। কারাগারের মেডিকেল বোর্ডও তার উদ্বেগ ও মানসিক চাপের বিষয়টি নথিভুক্ত করে পরিবারের সঙ্গে আরও বেশি যোগাযোগের পরামর্শ দিয়েছিল বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।