সোমবার   ১৬ নভেম্বর ২০২৬   অগ্রাহায়ণ ২ ১৪৩৩   ০৫ জমাদিউস সানি ১৪৪৮

তুরস্কে মোসাদের দুঃসাহসিক অভিযান,ইরানি জেনারেলকে তুলে নিয়ে হত্যা

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৭:০১ পিএম, ১৬ নভেম্বর ২০২৬ সোমবার

নিখোঁজ ইসরায়েলি পাইলটের সন্ধানে কয়েক দশক ধরে চালানো অভিযানে দুই ইরানি কর্মকর্তাকে অপহরণ করে ইসরায়েল। তাদের একজনকে কয়েক সপ্তাহ নির্যাতনের পর হত্যা করা হয়। অন্যজনকে নির্যাতনের পর দক্ষিণ আফ্রিকায় জীবিত ফেলে আসা হয়। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনের বরাতে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট আই।

১৯৮৬ সালে লেবাননে বিমান হামলা চালানোর সময় ইসরায়েলি পাইলট রন আরাদের যুদ্ধবিমানের একটি ক্ষেপণাস্ত্রে ত্রুটি দেখা দেয়। পরে তিনি বিমান থেকে বেরিয়ে আসতে বাধ্য হন। এরপর থেকে তার ভাগ্যে কী ঘটেছিল, তা জানতে দীর্ঘদিন ধরে অভিযান চালিয়ে আসছে ইসরায়েল।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ২০০৬ সালের ডিসেম্বরে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কুদস ফোর্সের সাবেক জেনারেল আলিরেজা আসগারিকে তুরস্কের ইস্তাম্বুল থেকে অপহরণ করে মোসাদ। তিনি ইরানের উপপ্রতিরক্ষামন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।

ইস্তাম্বুলের তাকসিম এলাকার একটি হোটেলে ওঠার পর মোসাদের এজেন্টরা তাকে অপহরণ করে। পরে আসগারির অবস্থান জানতে ইরান যোগাযোগ করলে ইসরায়েলি কর্মকর্তারা যুক্তরাষ্ট্রকে জানান, তাকে কয়েক সপ্তাহ ধরে নির্যাতন করা হয়েছিল। ইসরায়েলি গোয়েন্দাদের ধারণা ছিল, নিখোঁজ পাইলট রন আরাদ সম্পর্কে তথ্য জানেন আসগারি।

কিন্তু পরে মোসাদ বুঝতে পারে, আরাদ সম্পর্কে কোনো তথ্যই জানতেন না আসগারি। এরপরও তাকে হত্যা করে মরদেহ কৃষ্ণসাগরে ফেলে দেওয়া হয় বলে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে।

ইরান নিজস্ব তদন্তে জানতে পারে, ইস্তাম্বুলের হোটেলকক্ষে ঢুকে আসগারিকে মাদক প্রয়োগ করে অপহরণ করা হয়েছিল। অপহরণে ব্যবহৃত একটি গাড়িও কৃষ্ণসাগরের কাছে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।

এরপর ২০২১ সালে সিরিয়ার দামেস্ক থেকে আইআরজিসির আরেক কমান্ডার জেনারেল আবদুল্লাহ সাবেরিকে অপহরণ করে মোসাদ। সকালে দৌড়াতে বের হলে তাকে একটি ফ্রিজের বাক্সে ঢুকিয়ে চলন্ত ভ্যানে তোলা হয়। দীর্ঘ জিজ্ঞাসাবাদ ও নির্যাতনের পর পরিচয় গোপন রাখতে তাকে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে জীবিত ফেলে আসা হয়। সাবেরিও রন আরাদ সম্পর্কে কিছু জানতেন না বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে ইরান ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর যৌথ তদন্তে ধারণা করা হয়, রন আরাদ ১৯৮৮ সালে পূর্ব লেবাননের নবি চিত গ্রামে মারা যান। বিমান বিধ্বস্ত হওয়ার প্রায় দুই বছর পর সেখানে তার মৃত্যু হয় বলে তদন্তকারীদের ধারণা। তাকে ওই গ্রামে আটকে রাখা হয়েছিল এবং পরে সেখানেই কবর দেওয়া হয় বলে মনে করা হয়।

তবে ইসরায়েলি কর্মকর্তারা দীর্ঘদিন ধরে বিশ্বাস করে আসছিলেন, আরাদের নিখোঁজ হওয়ার বিষয়ে ইরান তথ্য জানে। ২০২৫ সালের ডিসেম্বরে ইসরায়েলি এজেন্টরা লেবাননের সাবেক নিরাপত্তা কর্মকর্তা আহমদ শুকরকে অপহরণ করে বলে অভিযোগ রয়েছে। একটি ব্যবসায়িক বৈঠকে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার আর খোঁজ পাওয়া যায়নি।

ইসরায়েলের ধারণা, ১৯৮৮ সালে নবি চিতের কাছে ইসরায়েলি বাহিনীর হাতে নিহত নিজের ভাইয়ের প্রতিশোধ নিতে আহমদ শুকর রন আরাদকে হত্যা করেছিলেন। তবে এই দাবির পক্ষে কোনো প্রমাণ নেই বলে প্রতিবেদনে বলা হয়েছে।

চলতি বছরের ৬ ও ৭ মার্চ নবি চিত গ্রামে ৪০টির বেশি বিমান হামলা চালায় ইসরায়েল। গ্রামটির একটি কবরস্থানে রন আরাদের মরদেহ রয়েছে—এমন ধারণা থেকে এ হামলা চালানো হয়। এতে অন্তত ৪১ জন নিহত এবং ৪০ জনের বেশি আহত হন। তবে আরাদের মরদেহের সন্ধান মেলেনি।

মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের ২ মার্চ থেকে সেপ্টেম্বরের শুরুর দিক পর্যন্ত লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত ৪ হাজার ৩৫৮ জন নিহত হয়েছেন।

সূত্র: মিডল ইস্ট আই (নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অবলম্বনে)