শনিবার   ১৪ নভেম্বর ২০২৬   কার্তিক ৩০ ১৪৩৩   ০৩ জমাদিউস সানি ১৪৪৮

বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান

আজকাল রিপোর্ট

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ১২:০২ পিএম, ১৪ নভেম্বর ২০২৬ শনিবার


 
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্বনেতাদের আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। একই সঙ্গে জীবাশ্ম জ্বালানি শিল্পের প্রভাব ও তেল-গ্যাস কোম্পানিগুলোর অতিরিক্ত মুনাফার সমালোচনা করে তিনি বিশ্বনেতাদের ‘জীবাশ্ম জ্বালানির আসক্তি’ থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
বুধবার তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এ দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় সম্মেলনে উপস্থিত কয়েক ডজন বিশ্বনেতার উদ্দেশে গুতেরেস বলেন, জলবায়ু সংকটের গতি মানুষের প্রতিরোধমূলক পদক্ষেপের চেয়ে অনেক বেশি দ্রুত।
তিনি বলেন, জীবাশ্ম জ্বালানির স্বার্থসংশ্লিষ্ট গোষ্ঠীগুলো পরিবেশের ক্ষতি করে বিপুল মুনাফা অর্জন করছে। এ পরিস্থিতি মোকাবিলায় তেল কোম্পানিগুলোর অস্বাভাবিক মুনাফার ওপর কর আরোপের জন্য সরকারগুলোর প্রতি আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব।
গুতেরেসের ভাষায়, জীবাশ্ম জ্বালানিকে একসময় বিলুপ্ত হতেই হবে। তবে তা স্বয়ংক্রিয়ভাবে ঘটবে না। কারণ, জীবাশ্ম জ্বালানি শিল্পের পক্ষে শক্তিশালী লবি রয়েছে, যারা বিজ্ঞানকে প্রশ্নবিদ্ধ করা, নীতিনির্ধারণে বিলম্ব ঘটানো এবং জবাবদিহি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে।
২০১৭ সালে জাতিসংঘের মহাসচিবের দায়িত্ব নেওয়ার পর থেকেই জলবায়ু পরিবর্তন মোকাবিলাকে অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে তুলে ধরেছেন গুতেরেস। আগামী ডিসেম্বরে মেয়াদ শেষ হওয়ার আগে এটিই তার শেষ কপ সম্মেলনে অংশগ্রহণ।
গত কয়েক বছরে ইউরোপে তীব্র তাপপ্রবাহ ও দাবানল এবং নেপালে ভয়াবহ বন্যার মতো দুর্যোগ জলবায়ু সংকটের ঝুঁকি আরও স্পষ্ট করেছে। এমন পরিস্থিতিতে সরকারগুলোর ওপর কার্যকর পদক্ষেপ নেওয়ার চাপ বাড়ছে। তবে চলতি কপ-৩১ সম্মেলনে বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা নিয়ে সংশয় রয়েছে।
এর অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে আন্তর্জাতিক ভূরাজনৈতিক উত্তেজনা, তেলের বাজারে অস্থিরতা এবং যুক্তরাষ্ট্র-ইরান ও রাশিয়া-ইউক্রেন সংঘাতের প্রভাব। ২০২৩ সালে জীবাশ্ম জ্বালানি থেকে ধীরে ধীরে সরে আসার বিষয়ে দেশগুলো ঐকমত্যে পৌঁছালেও বাস্তবায়নের ক্ষেত্রে এখনো উল্লেখযোগ্য বাধা রয়েছে।