শনিবার   ১৪ নভেম্বর ২০২৬   কার্তিক ৩০ ১৪৩৩   ০৩ জমাদিউস সানি ১৪৪৮

বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি

আজকাল রিপোর্ট

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ১১:৫৬ এএম, ১৪ নভেম্বর ২০২৬ শনিবার

ইমিগ্রেশন পুলিশের হাতে গ্রেফতার মাকসুদ ছাড়া পাননি

 
নিউইয়র্কে ইমিগ্রেশন পুলিশের (আইস পুলিশ) হাতে গ্রেফতার বিএনপি নেতা আজহারুল মাকসুদ এখনও ছাড়া পাননি। বাফেলোর একজন বাংলাদেশি কমিউনিটি লিডার আজকালকে বলেন, আমরা চেষ্টা করেছি। মাকসুদের বিষয়টি একটু জটিল হয়ে গেছে। তার বিরুদ্ধে ডমেস্টিক ভায়েলেন্সের অভিযোগ থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। এটর্নির মাধ্যমে চেষ্টা করা হচ্ছে তাকে বের করার। মাকসুদ নিউ ইয়র্ক স্টেট বিএনপির সাংগঠনিক সম্পাদক। গত ৬ নভেম্বর নিউইয়র্ক স্টেটের বাফেলো শহরের  নিজের কর্মস্থল থেকে তাকে গ্রেফতার করা হয়। তার মুক্তির জন্য ইতোমধ্যে অ্যাটর্নির সঙ্গে কথা বলেছেন তার স্ত্রী।  
এদিকে বাফেলো অঞ্চলের অ্যারি কাউন্টি এলাকায় ব্যাপক হারের ইমিগ্রেশন পুলিশের তৎপরতা বেড়েছে। গত ২ বছরে আইস পুলিশ প্রায় ১২০০ অভিবাসীকে গ্রেফতার করেছে। এরমধ্যে বাংলাদেশি রয়েছেন ১৭০ জন। তাদের মধ্য থেকে ১২ জন বাংলাদেশিকে ডিপোর্ট করেছে হোমল্যান্ড সিকিউরিটি। অনেকে জামিনে ছাড়া পেয়েছেন। এষনও ৫০ জনের মতো বাংলাদেশি বাফেলোর ডিটেনশন সেন্টারে রয়েছে। 

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর অভিবাসনবিরোধী অভিযান কিছুটা কমতে পারে বলে ধারণা করেছিলেন অনেকে। তবে বাস্তবে অভিযান আরও জোরদার করা হয়েছে। মধ্যবর্তী নির্বাচনের পরদিন থেকে ৬ নভেম্বর পর্যন্ত তিন দিনে অন্তত ২৩০ জনকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।

আজহারুলের গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন নিউ ইয়র্ক স্টেট বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জসিমউদ্দিন। তিনি বলেন, “বিষয়টি খুবই দুঃখজনক এবং উদ্বেগজনকও। কারণ স্ত্রী-সন্তান নিয়ে বেশ ক’বছর যাবৎ বসবাস করছিলেন আজহারুল। অভিবাসনের আইন লঙ্ঘন ছাড়া আর কোনো অপরাধে লিপ্ত ছিলেন না।” স্থানীয় বাংলাদেশি নেতৃবৃন্দ তাকে মুক্ত করার জন্য কাজ করছেন।