শনিবার   ১৪ নভেম্বর ২০২৬   কার্তিক ৩০ ১৪৩৩   ০৩ জমাদিউস সানি ১৪৪৮

ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি

আজকাল রিপোর্ট

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ১১:৫৫ এএম, ১৪ নভেম্বর ২০২৬ শনিবার


 
সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরীসহ গ্রেফতারকৃত সকল সাংবাদিকের নি:শর্ত মুক্তি এবং দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার ও বরখাস্তকৃত সাংবাদিকদের সসম্মানে পুনর্বহালের দাবিতে ৭ নভেম্বর শনিবার অপরাহ্নে নিউইয়র্কে ‘প্রবাসী সাংবাদিক ফোরাম’র ব্যানারে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বর্তমানে যুক্তরাষ্টে প্রবাসী ফরিদা ইয়াসমিন । সঞ্চালনা করেন টিবিএন ২৪ এর সাংবাদিক পিনাকি তালুকদার।

বাংলাদেশে গণমাধ্যমের ওপর অঘোষিত দমন-পীড়নের ঘটনাবলিতে গভীর উদ্বেগ প্রকাশ করে সাংবাদিকদের এই কর্মসূচির সাথে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন কুইন্স  ডেমাক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার ড. দীলিপ নাথ, কক্ষপথ-৭১’র পক্ষ থেকে এডভোকেট মিয়া জাকির, মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের উপদেষ্টা ডা. মাসুদুল হাসান, একটিভিস্ট মোজাহিদ আনসারী,  আওয়ামী লীগ নেতা সোলায়মান আলী, এডভোকেট সোনিয়া সুলতানা, শেখ আবিদ হোসেন, পলাশ নন্দী, ও মিনহাজ সাম্মু।

আরও বক্তব্য রাখেন  ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারন সম্পাদক শাবান মাহমুদ, একটিভিস্ট শিতাংশু গুহ, সাবেক প্রেস মিনিস্টার সাজ্জাদ হোসেন সবুজ, আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি লাবলু আনসার, শহীদুল হক জীবন, সুমী খান, শামিমা দৌলা,  আওযামী লীগ নেতা আব্দুল হামিদ ও অজিৎ ভৌমিক ।

বক্তারা অভিযোগ করেন, হত্যা মামলার আসামী করার হুমকি দেয়া হচ্ছে। ফলে কেউই সত্যনিষ্ঠ সাংবাদিকতায় সক্ষম হচ্ছেন না। এরফলে বাংলাদেশে অন্যায়-অবিচার লাগামহীনভাবে বেড়েছে। ভিন্নমত পোষণকারিরা মবের শিকার হচ্ছেন। হত্যার ঘটনাও ঘটছে সর্বত্র। যার সর্বশেষ নজির হলেন ইকবাল সোবহান চৌধুরী। তাকেও হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে জেলে নেয়া হলো।

সভাপতির বক্তব্যে ফরিদা ইয়াসমিন বহির্বিশ্বে কর্মরত বাংলাদেশী সাংবাদিকদের নিয়ে বাংলাদেশে গণমাধ্যমের ওপর চলমান দমন-পীড়নের আলোকে একটি আন্তর্জাতিক সেমিনারের প্রস্তাব পেশ করেছেন। তা’না হলে বাংলাদেশে অমানবিক পরিস্থিতি রুখে দেয়া কঠিন হয়ে পড়বে।