শনিবার   ১৪ নভেম্বর ২০২৬   কার্তিক ৩০ ১৪৩৩   ০৩ জমাদিউস সানি ১৪৪৮

মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ১১:৪৮ এএম, ১৪ নভেম্বর ২০২৬ শনিবার

বিশ্বজুড়ে মাইক্রোসফটের বিভিন্ন অনলাইন সেবায় বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছিল। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সেবা ধীরে ধীরে আবারও সচল হচ্ছে, তবে সমস্যা পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি। শেষ খবর পাওয়া পর্যন্ত ২০ ঘণ্টারও বেশি সময় ধরে চলা বিঘ্নের প্রভাব পড়েছে ৭৪টি দেশে।

মূলত এর কারণে ইমেইল সেবা আউটলুক, ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম টিমস ও মাইক্রোসফট ৩৬৫-এর অন্যান্য সেবা ব্যবহার করতে গিয়ে ভোগান্তিতে পড়েন লাখো মানুষ। এ বিপর্যয়ের প্রভাব পড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ওপেনএআই ও অ্যানথ্রপিকের কিছু সেবাতেও।

মাইক্রোসফট জানিয়েছে, তাদের কয়েকটি সার্ভার অপ্রত্যাশিতভাবে অকার্যকর হয়ে পড়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়। এতে সচল সার্ভারগুলোর ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়। সমস্যা সমাধানে কাজ চলছে বলেও জানায় প্রতিষ্ঠানটি।

সামাজিক মাধ্যম এক্সে দেওয়া একাধিক বার্তায় মাইক্রোসফট বলে, সেবা স্বাভাবিক করার কাজে ‘ইতিবাচক অগ্রগতি’ হয়েছে। ক্ষতিগ্রস্ত সার্ভারগুলো পুনরায় সচল করা এবং ব্যবহারকারীদের ভোগান্তি কমাতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরের দিকে এ বিপর্যয় শুরু হয়। একপর্যায়ে আউটলুক ব্যবহারে সমস্যার অভিযোগ জমা পড়ে এক লাখ ৩০ হাজারের বেশি।

ওয়েবসাইট ও অনলাইন সেবার বিভ্রাট পর্যবেক্ষণকারী প্ল্যাটফর্ম ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, গ্রিনিচ মান সময় সন্ধ্যা ৬টার দিকে বিশ্বজুড়ে আউটলুকের সমস্যা নিয়ে অভিযোগের সংখ্যা প্রায় এক লাখ ৪০ হাজারে পৌঁছায়। 

পরে অভিযোগ কমতে থাকলেও সন্ধ্যা পর্যন্ত হাজারো ব্যবহারকারী সমস্যার কথা জানাচ্ছিলেন।

মাইক্রোসফটের ভাষ্য অনুযায়ী, মূলত এক্সচেঞ্জ অনলাইন সেবার সঙ্গে সংযোগ স্থাপনে সমস্যা হচ্ছিল। এর প্রভাব পড়ে মাইক্রোসফট ৩৬৫-এর বিভিন্ন সেবায়। ব্যবহারকারীরা আউটলুকের ইমেইল ও ক্যালেন্ডারের তথ্য দেখতে এবং কিছু ফাইল ব্যবহারে সমস্যায় পড়েন। মাইক্রোসফটের এআই সেবা কোপাইলটও ঠিকমতো কাজ করছিল না।
প্রতিষ্ঠানটি জানায়, শুরুতে কয়েকটি সার্ভারের নিয়মিত ‘হেলথ চেক’ ব্যর্থ হয়। পরে দেখা যায়, সংশ্লিষ্ট সার্ভারগুলোর একটি অংশ অকার্যকর হয়ে পড়েছে। পরিস্থিতি সামাল দিতে সেগুলো পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়।

একপর্যায়ে মাইক্রোসফট জানায়, সচল করা সার্ভারগুলো স্থিতিশীল রয়েছে। পাশাপাশি বিকল্প পথে ইন্টারনেট ট্রাফিক পরিচালনা করে বাকি সার্ভারগুলো পুনরায় চালুর কাজ চলছে। তবে সার্ভার সচল হওয়ার পরও সব সেবা স্বাভাবিক হতে কিছুটা সময় লাগতে পারে বলে ব্যবহারকারীদের সতর্ক করা হয়।

ওপেনএআই জানিয়েছে, মাইক্রোসফটের সেবার সঙ্গে তাদের সংযোগে সমস্যা দেখা দেয়। এ কারণে কিছু টুল প্রত্যাশা অনুযায়ী কাজ করছিল না। বিষয়টি খতিয়ে দেখছে প্রতিষ্ঠানটি। অন্যদিকে, অ্যানথ্রপিক জানিয়েছে, তাদের মাইক্রোসফট ৩৬৫ কানেক্টরের সঙ্গে সম্পর্কিত সমস্যার উৎস শনাক্ত করা হয়েছে। সেবা সরবরাহকারী তৃতীয় একটি প্রতিষ্ঠানের দিক থেকে এ সমস্যা তৈরি হয়েছিল।
মাইক্রোসফটের অনলাইন সেবার ওপর নির্ভরশীল ব্যবসাপ্রতিষ্ঠানগুলোও এ বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের বৈদ্যুতিক ট্রাক নির্মাতা ওয়ার্কহর্স গ্রুপের বৃহস্পতিবার তৃতীয় প্রান্তিকের আর্থিক ফল প্রকাশের কথা ছিল। তবে মাইক্রোসফটের সেবা বিপর্যয়ের কারণে তা পিছিয়ে ১৬ নভেম্বর প্রকাশের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এর আগে গত মাসেও মাইক্রোসফটের ক্লাউড সেবা অ্যাজুরে বড় ধরনের বিভ্রাট দেখা দিয়েছিল। তাতে বিশ্বের বিভিন্ন খাতের ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়।

মাইক্রোসফটের সেবা বিপর্যয়ে অনেক প্রতিষ্ঠানের দাপ্তরিক কাজ ব্যাহত হলেও সামাজিক মাধ্যমে কেউ কেউ বিষয়টিকে ভিন্নভাবে দেখেছেন। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের করপোরেট প্রতিষ্ঠানের কয়েকজন কর্মী আউটলুক ও টিমস অচল থাকায় কাজের চাপ থেকে সাময়িক স্বস্তি পাওয়ার কথা জানিয়েছেন।
বিশ্বজুড়ে ব্যবসাপ্রতিষ্ঠানগুলো দৈনন্দিন যোগাযোগ, তথ্য আদান-প্রদান ও কাজের সমন্বয়ে মাইক্রোসফট ৩৬৫-এর মতো সেবার ওপর কতটা নির্ভরশীল, এ বিপর্যয় তা আবারও সামনে এনেছে।
এই বিভ্রাটের প্রভাব পড়ে বিভিন্ন দেশের ব্যাংক, সরকারি দপ্তর, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, রেলওয়ে ও আদালতের কার্যক্রমেও। তবে ঘটনাটির পেছনে কোনো সাইবার নিরাপত্তা হামলা বা তথ্য চুরির ঘটনা ছিল না বলে জানিয়েছে মাইক্রোসফট।