ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
মাসুদ করিম, ঢাকা থেকে
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৭:০৫ এএম, ১৪ নভেম্বর ২০২৬ শনিবার
বাসে, ট্রেনে, পুলিশের গাড়ীতে আগুন : শতশত ককটেল বিস্ফোরণ
গণআন্দোলনে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা আগামী ডিসেম্বরে আবার বাংলাদেশে ফিরবেন এমন ঘোষণা দেয়ার পর সারা দেশে নভেম্বরেই ব্যাপক সহিংসতা ছড়িয়ে দেয়া হয়েছে। জানা যায়, তার কর্মীরা সরাসরি মাঠে নেমে এসব সহিংস কর্মকান্ডের বিস্তার ঘটাচ্ছে। সপ্তাহজুড়ে ঢাকাসহ সারাদেশে শতশত ককটেল বিস্ফোরণ, পুলিশের গাড়ীতে আগুন, ট্রেনে আগুনসহ ভয়াবহ অগ্নি সন্ত্রাসের সহিংস ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সর্বোচ্চস্তরের গ্রীণ সিগন্যালের পর এমন পরিস্থিতিতে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টিয়েনসেন এবং ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর মধ্যে গত বৃহস্পতিবার একান্ত একটি বৈঠক অনুষ্ঠিত হয়ে গেলো। এধরণের বৈঠক তাদের এই প্রথম। দু’দেশের মধ্যে ওই বৈঠকটিকে ঘিরে ডালপালা মেলেছে নানা রহস্যময় গুঞ্জন। ঢাকার কূটনৈতিক ও গণমাধ্যম মহলে জন্ম নিয়েছে ব্যাপক কৌতূহলের। মার্কিন দূতাবাসের একটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা জানায়, বৈঠক হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেলেও বৈঠকে কী বিষয়ে তাঁরা আলোচনা করেছেন তা জানা যায়নি। তবে রাজনৈতিক ও কূটনৈতিক পর্যবেক্ষক মহলের মতে, শেখ হাসিনার ফেরার ঘোষণার প্রেক্ষিতে বৈঠকটির আলাদা কিছু তাৎপর্য দেখা দিয়েছে। ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদি গত ৩১শে জুলাই যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত ও ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিয় গড়ের সঙ্গে ঢাকার একটি হোটেলে বৈঠক করেছিলেন। তাও ছিল আলোচনার শীর্ষে।
এদিকে, হাসিনার দেশে ফেরার জন্যে ডিসেম্বরের সময়সীমা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনীতিতে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। যদিও ভারতে থাকা সাবেক এই প্রধানমন্ত্রী কীভাবে দেশে ফিরবেন তার কোনও চূড়ান্ত রূপরেখা তিনি এখনও প্রকাশ করেননি। বর্তমানে তার কোন পাসপোর্ট নেই। নতুন করে পাসপোর্ট পাবার বিষয়টি মৃত্যুদন্ডের আসামি হিসেবে শেখ হাসিনার দেশে ফেরা আইনি জটিলতা এবং দু’দেশের সরকারের মধ্যে ঘুরপাক খাচ্ছে।
মেট্রিকস চেম্বার নামের শেখ হাসিনার ব্রিটিশ আইনজীবী ফার্ম দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে ই-মেইল পাঠিয়ে শেখ হাসিনার পাসপোর্ট এবং এনআইডি কার্ড পাবার তৎপরতা শুরু করেছে। দিল্লিতে বাংলাদেশ হাই কমিশন অবশ্য বলছে, মেট্রিক্সকে শেখ হাসিনা আইনী সহায়তায় নিযুক্ত করেছেন কি-না তাও নিশ্চিত হওয়ার মতো কোন ডকুমেন্ট ই-মেইলের সঙ্গে যুক্ত করা হয়নি। এদিকে, বাংলাদেশে সরকারের তরফে বলা হচ্ছে, শেখ হাসিনাকে পাসপোর্ট কিংবা এনআইডি দেবার প্রশ্নই আসে না। কারণ তিনি একজন দন্ডিত আসামী এবং তাকে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পাদিত দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। যদিও এই প্রক্রিয়ায় ভারতের খুব একটা সাড়া মিলছে না।
শেখ হাসিনার আইনী ফার্ম দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে ই-মেইল পাঠানো সংক্রান্ত একটি সংবাদ আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সে প্রচার হওয়ার পর থেকে বাংলাদেশে আওয়ামী লীগ এবং তার বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে চাঙ্গাভাব লক্ষ্য করা যাচ্ছে। বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ও যানবাহনে ককটেল বিস্ফোরণ এবং অগ্নিসংযোগ করা হচ্ছে। সর্বশেষ ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করার পর অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ২০২৪ সালের জুলাই-আগস্টে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে পরিচালিত ছাত্রদের নেতৃত্বাধীন অভ্যুত্থানের অন্যতম নেত্রী নুসরাত তাবাসসুম। শেখ হাসিনা ভারতে আশ্রয় নেবার পর আন্দোলনকারী ছাত্রদের নেতৃত্বে এনসিপি গঠন করা হয়। নুসরাত বর্তমানে এনসিপি’র যুগ্ম আহব্বায়ক এবং দলটির হয়ে জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের এমপি। জাতীয় সংসদের স্পিকার এই ঘটনায় উদ্বেগ জানিয়েছেন। সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় রয়েছে বলে তারা জানান। তবে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে বলেছেন নিরাপত্তার কোন সমস্যা কোথাও ঘটেনি।
নিষিদ্ধ ঘোষিত দলটির অবরোধের ডাকে সবচেয়ে ভয়াবহ ঘটনা ঘটেছে গোপালগঞ্জে। সেখানে পুলিশের গাড়িতে আগুন দিয়েছে আওয়ামী লীগের সমর্থকরা। তারা বিএনপি অফিস ভাংচুর করেছে এবং জামায়াত নেতাদের ওপরও হামলা চালিয়েছে। শেখ হাসিনার ডিসেম্বরের ফেরার বিষয়ে কোনও কর্মপরিকল্পনা তিনি ঘোষণা করেননি। তবে ভূ-রাজনৈতিক সমীকরণ একটি বড় বিষয়। যুক্তরাষ্ট্র ও ভারতের মিলিত প্রস্তাব ছাড়া বাংলাদেশ এই ধরনের পরিস্থিতিতে কোনও রাজনৈতিক সমাধানের দিকে অগ্রসর হবে না বলেই মনে করা হয়। শেখ হাসিনার কাছে পাসপোর্ট কিংবা ট্রাভেল পাসের কোনও ব্যবস্থা নেই। বাংলাদেশ সরকারও কোনও ট্রাভেল ডকুমেন্ট তাকে দেবে না বলে জানিয়েছে। নানা কারণে তিনি যে ফিরতে পারবেন না তা স্পষ্ট। তবে রাজনৈতিক মতৈক্য ছাড়া শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে কোনও অগ্রগতি হওয়াটা অস্বাভাবিক বিষয় হিসেবে দেখা হচ্ছে।
ঢাকায় সরকারের আইন কর্মকর্তারা বলছেন যে, শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদন্ডের আদেশ রয়েছে। ২০২৪ সালের জুলাই-আগস্টে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের দায়ে আদালত এই রায় দিয়েছে। ওই সময়ে ১৪০০ নিরিহ মানুষকে হত্যা করা হয়েছে বলে জাতিসংঘের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। শেখ হাসিনাকে ভারত যদি বাংলাদেশের কাছে হস্তান্তর করে তবুও আইনত তিনি বন্দি থাকবেন।
শেখ হাসিনার বিষয়ে বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি রাজনৈতিক মতৈক্য রয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামী এবং এনসিপিসহ সকল দলই শেখ হাসিনার বিচার চায়। তারা মনে করেন, দেশে ফেরার জন্যে পাসপোর্ট ও এনআইডি পেতে তিনি যে তৎপরতা শুরু করেছেন এটি একটি রাজনৈতিক স্টান্টবাজি। শেখ হাসিনার রাজনীতি বাংলাদেশে প্রত্যাখ্যান করেছেন দেশের জনগণ। পৃথিবীর কোনও দেশেই গণআন্দোলনে পতিত স্বৈরশাসককের ফেরা সম্ভব হয় না। এদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জার্মানীর নাৎসি বাহিনী যেভাবে প্রত্যাখ্যাত হয়েছে; শেখ হাসিনার আওয়ামী লীগের রাজনীতিও এখন একইভাবে প্রত্যাখ্যান করেছেন বাংলাদেশের জনগণ। আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার আর কোন সম্ভাবনা নেই।
শেখ হাসিনার ইস্যু ঘিরে ঢাকা-দিল্লি সম্পর্কে স্থবিরতা সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যাবেন বলে চাউর থাকলেও তিনি শিগগিরই ভারত যাচ্ছেন না। শেখ হাসিনার ইস্যুতে ভারত বাংলাদেশকে সুস্পষ্ট বার্তা দেওয়া প্রয়োজন যে, তিনি ভারতে বসে তার কর্মীদের বাংলাদেশে অগ্নিসংযোগ, ককটেল নিক্ষেপের নির্দেশ দেওয়া থেকে বিরত থাকবেন।
এদিকে, ঢাকায় আগামী ১৭-১৮ নভেম্বর বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ হওয়ার কথা ছিলো। তবে এই সংলাপে বসে বাংলাদেশকে ভারত যদি শেখ হাসিনাকে প্রত্যাবর্তনের প্রস্তাব করে বসে তবে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হবে। তাই সংলাপ স্থগিত করেছে বাংলাদেশ। এটি দুই দেশের এই পর্যায়ের পঞ্চম সংলাপ। চতুর্থ সংলাপটি দিল্লিতে হয়েছিলো। হাসিনার রাজনৈতিক স্টান্টবাজির শিকার তার দলের সাধারণ কর্মীরা জেলায় জেলায় গ্রেফতার হয়ে এখন কারাগারে দিন কাটাচ্ছে। ঢাকাসহ সারাদেশে এখন অতিরিক্ত নিরাপত্তা আরোপ করা হয়েছে বলে জানা যায়।
