সোমবার   ০৯ নভেম্বর ২০২৬   কার্তিক ২৪ ১৪৩৩   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

ন্যূনতম বেতন নির্ধারণে আজ শুরু দরকষাকষি

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৭:৩৪ এএম, ৯ নভেম্বর ২০২৬ সোমবার

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ নিয়ে আজ শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে আনুষ্ঠানিক দরকষাকষি শুরু হচ্ছে। নতুন গঠিত মজুরি বোর্ডের দ্বিতীয় বৈঠকে শ্রমিক প্রতিনিধিরা প্রাথমিক মজুরি প্রস্তাব উপস্থাপন করতে পারেন।

তাঁদের দাবি, প্রবেশ পর্যায়ের শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকার কম হওয়া চলবে না। অন্যদিকে পাল্টা প্রস্তাব চূড়ান্ত করতে আরও সময় চাইতে পারেন কারখানার মালিকরা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, শ্রমিক প্রতিনিধিরা প্রাথমিকভাবে চারটি গ্রেডের মধ্যে সর্বনিম্ন গ্রেড-৪-এর শ্রমিকদের জন্য মজুরি প্রস্তাব দিতে পারেন। তবে প্রস্তাবিত অঙ্ক এখনো চূড়ান্ত হয়নি। বিভিন্ন শ্রমিক সংগঠনের সঙ্গে আলোচনা করে মজুরি বোর্ডের নির্ধারিত ছকে পূর্ণাঙ্গ মজুরিকাঠামো জমা দেওয়ার প্রস্তুতি চলছে।

গত ৪ নভেম্বর মজুরি বোর্ডের প্রথম বৈঠক শেষে শ্রমিক প্রতিনিধি বাবুল আক্তার জানিয়েছিলেন, তাঁদের প্রস্তাবিত ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার কম হবে না। বিভিন্ন শ্রমিক সংগঠনের দাবির গড় অথবা মধ্যবর্তী একটি অঙ্ক বিবেচনায় নিয়ে চূড়ান্ত প্রস্তাব তৈরি করা হবে।ইতোমধ্যে জি-স্কপ, গার্মেন্টস শ্রমিক পরিষদ, এশিয়া ফ্লোর ওয়েজ অ্যালায়েন্সসহ ৩৫টি শ্রমিক সংগঠন মাসিক ন্যূনতম মজুরি ৩৭ হাজার ১২৫ টাকা বা প্রায় ৩০০ ডলার করার দাবি জানিয়েছে। অন্যদিকে ১১টি ট্রেড ইউনিয়নের প্রতিনিধিত্বকারী ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিল ন্যূনতম মজুরি ২৬০ ডলার নির্ধারণের প্রস্তাব দিয়েছে।৩৫টি সংগঠনের প্রস্তাবে গ্রেড-৪-এর প্রবেশ পর্যায়ের শ্রমিকদের মূল বেতন ২০ হাজার ৭৫০, বাড়িভাড়া ১০ হাজার ৩৭৫, চিকিৎসা ভাতা ২ হাজার, যাতায়াত ও খাদ্যভাতা দেড় হাজার এবং সন্তানদের শিক্ষা ভাতা ১ হাজার টাকা নির্ধারণের সুপারিশ করা হয়েছে। পাশাপাশি মূল বেতনের ১৫ শতাংশ হারে ঝুঁকি ভাতার দাবিও রয়েছে।মালিকপক্ষের পাল্টা প্রস্তাব তৈরিতে সময়ের অভাব দেখা দিয়েছে। গতকাল বড়, মাঝারি ও ছোট কারখানার মালিকদের সঙ্গে বৈঠক করে অভিন্ন অবস্থান তৈরির চেষ্টা করেছে পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। সম্ভাব্য মজুরি বৃদ্ধির প্রভাব ও কারখানার সক্ষমতা পর্যালোচনা করা হয়েছে। মালিকদের দাবি, মজুরি বোর্ডের নির্ধারিত ছক গত শুক্রবার হাতে পাওয়ায় পূর্ণাঙ্গ প্রস্তাব তৈরির পর্যাপ্ত সময় পাওয়া যায়নি। ফলে আজকের বৈঠকে আরও সময় চাওয়া হতে পারে।

মজুরি বৃদ্ধির প্রভাব নিয়ে মালিকপক্ষের একটি খসড়া আর্থিক বিশ্লেষণে ৩ হাজার কারখানা ও ৪০ লাখ শ্রমিককে বিবেচনায় নেওয়া হয়েছে। এতে বর্তমান ১২ হাজার ৫০০ টাকা ন্যূনতম মজুরি ধরে বিভিন্ন হারে বৃদ্ধির সম্ভাব্য প্রভাব তুলে ধরা হয়। বিশ্লেষণে বলা হয়েছে, বর্তমান মজুরিতে কারখানাগুলোর নিট মুনাফার হার ২ দশমিক ৪ থেকে ৮ শতাংশের মধ্যে রয়েছে।

মালিকপক্ষের হিসাব অনুযায়ী, ন্যূনতম মজুরি ১৪ হাজার ৫০০ টাকা হলে ৪০০ কারখানা এবং ৫ লাখ ৩০ হাজার শ্রমিক ঝুঁকিতে পড়তে পারেন। ১৫ হাজার টাকা হলে ৪০০ কারখানা ও ১২ লাখ শ্রমিক এবং ১৬ হাজার টাকা হলে ১ হাজার ৩০০ কারখানা ও ১৭ লাখ ৩০ হাজার শ্রমিকের কর্মসংস্থান ঝুঁকিতে পড়ার আশঙ্কা রয়েছে। আর ২০ হাজার টাকা মজুরি নির্ধারণ করা হলে ৩ হাজার কারখানাই বন্ধ হওয়ার ঝুঁকিতে পড়তে পারে বলে দাবি করা হয়েছে।অন্যদিকে শ্রমিক সংগঠনগুলোর দাবি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে বর্তমান মজুরিতে শ্রমিকদের পক্ষে পরিবার নিয়ে স্বাভাবিক জীবনযাপন কঠিন। তাদের হিসাবে, চার সদস্যের একটি পরিবারের খাদ্য ও পুষ্টির মৌলিক চাহিদা পূরণে মাসে ৩৫ হাজার ৫৮০ টাকা প্রয়োজন। বাসস্থান, ইউটিলিটি, যাতায়াত, চিকিৎসাসহ মোট মাসিক ব্যয় ৬৩ হাজার ৬৬০ টাকা। সরকারি চাকরিতে প্রবেশ পর্যায়ের একজন কর্মীর বেতন-ভাতাসহ আয় প্রায় ৩৭ হাজার ৬৫০ টাকা উল্লেখ করেও মজুরি বাড়ানোর যৌক্তিকতা তুলে ধরেছে সংগঠনগুলো।উল্লেখ্য, গত ২৯ অক্টোবর বিভিন্ন শিল্পাঞ্চলে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে হাজার হাজার শ্রমিক আন্দোলনে নামেন। সপ্তাহব্যাপী এ আন্দোলনে উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি শত শত কারখানা বন্ধ রাখতে বাধ্য হন মালিকরা। এর পরিপ্রেক্ষিতে নতুন মজুরি বোর্ড গঠন করা হয়।

মজুরি বোর্ডের প্রথম বৈঠকে শ্রমিকপক্ষের অনুরোধে আরও দুজন প্রতিনিধি অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়। মালিকপক্ষকেও সমসংখ্যক প্রতিনিধি মনোনয়নের অনুরোধ জানানো হয়েছে। তবে গতকাল পর্যন্ত কোনো পক্ষই অতিরিক্ত প্রতিনিধিদের নাম জমা দেয়নি। প্রথম বৈঠকে নতুন মজুরিকাঠামো ২০২৬ সালের ডিসেম্বর থেকে কার্যকর এবং ২০২৭ সালের জানুয়ারি থেকে বর্ধিত মজুরি দেওয়ার বিষয়ে উভয় পক্ষ একমত হয়। তিন বছর মেয়াদি নতুন মজুরিকাঠামোর সুপারিশ করবে মজুরি বোর্ড।