শনিবার   ০৭ নভেম্বর ২০২৬   কার্তিক ২২ ১৪৩৩   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত মাহমুদ

আজকাল রিপোর্ট

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:২৬ এএম, ৭ নভেম্বর ২০২৬ শনিবার


 
 
বাংলাদেশি আমেরিকান মুহিত মাহমুদকেই মিশিগানের হ্যামট্রামক সিটির মেয়র হিসেবে ঘোষণা করলো মাননীয় আদালত। প্রায় ১ বছর ধরে চলা আইনী লড়াইয়ে জয় পেয়েছেন তিনি। তিনিই প্রথম বাংলাদেশি আমেরিকান যিনি কিনা আমেরিকান কোন শহরের মেয়র হিসেবে নির্বাচিত হলেন। গড়লেন মূলধারার রাজনীতিতে বাংরাদেশিদের ইতিহাস। শুক্রবার ৩০ নভেম্বর ওয়েইন কাউন্টি সার্কিট কোর্টের বিচারক ক্যাথলিন ম্যাকার্থি মেয়র পদে দায়িত্ব পালনের জন্য মাহমুদ বসবাসের শর্ত পূরণ করেছেন বলে রায় দেন। মেয়র হিসেবে দায়িত্ব পালনে আর কোন বাধা নেই। একই সাথে নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে সার্টিফাই করার ঘোষণা দিয়েছেন মাননীয় আদালত। অক্টোবর মাসে পোস্টাল ব্যালটের ভোট গননায় ১২ ভোটে এগিয়ে থাকলেও মাহমুদের বিরুদ্ধে রেসিডেন্সী নিয়ে আদালতে মামলা থাকায় আনুষ্ঠানিক ফলাফল ঘোষনায় জটিলতা তৈরি হয়েছিল। 

ভোট হয়েছিল ২০২৫ সালের নভেম্বর মাসে। প্রাথমিক ফলাফলে বিজয়ী হন অ্যাডাম আলহারবি। তিনি শপথও নেন মেয়র হিসেবে। একটি বছর দায়িত্বও পালন করেন। মাহমুদ পুনঃ ভোট গননা ও মিসিং পোস্টাল ব্যালট খুঁজে বের করার দাবি জানান। মুহিত মাহমুদ ২০২৫ সালের হ্যামট্রামক মেয়র নির্বাচনের ফলাফলের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়েছিলেন। শুরুতে আলহারবি জয়ী হয়েছিলেন। তবে কর্মকর্তারা জানিয়েছেন, নির্বাচনের পরবর্তী দিনগুলোতে সিটি ক্লার্কের কার্যালয়ে ৩৭টি ব্যালট পাওয়া গিয়েছিল। ওয়েইন কাউন্টি সার্কিট আদালতের একজন বিচারক ভোট পুনর্গণনার নির্দেশ দেন। গেল অক্টোবর মাসে মিসিং ব্যালট পাওয়া ও  পুনঃ ভোট গননায় মাহমুদ ১২ ভোটে এগিয়ে যান। কিন্তু সিটিতে বসবাসের যোগ্যতা সংক্রান্ত একটি মামলা পেন্ডিং থাকায় জয়ী হলেও আনুষ্ঠানিক বিজয় ঘোষণা আটকে যায়। ৩০ নভেম্বর শুক্রবার মামলা নিষ্পত্তির মধ্যদিয়ে চূড়ান্ত জয়ের মালা পড়েন মাহমুদ। শুক্রবার এই খবর ছড়িয়ে পড়ার পর মিশিগানে বসবাসরত বাংলাদেশিরা আনন্দ উল্লাসে ফেটে পড়ে। বাংলাদেশ সোসাইটি অব নিউইয়র্কের প্রেসিডেন্ট আতাউর রহমান সেলিম এক বিবৃতিতে মুহিত মাহমুদকে অভিনন্দন জানিয়েছেন।  সিলেটের সন্তান মাহমুদ এর আগে সিটির নির্বাচিত কাউন্সিলম্যান ছিলেন।
 মাহমুদের আইনজীবী মার্ক ব্রিউয়ার এক বিবৃতিতে বলেছেন, এটি হ্যামট্রামকের ভোটার, গণতন্ত্র এবং মুহিত মাহমুদের জন্য একটি পূর্ণাঙ্গ বিজয়। তাঁর বিরুদ্ধে আনা ভুয়া বসবাসের অভিযোগটি খারিজ হয়ে গেছে এবং ওয়েইন কাউন্টি বোর্ড অফ ক্যানভাসার্সকে মাহমুদকে হ্যামট্রামকের মেয়র হিসেবে প্রত্যয়ন করার নির্দেশ দিয়েছে । এই রায় আবারও নিশ্চিত করল যে, মিশিগানের ভোটাররা আস্থা রাখতে পারেন। তাঁদের ভোট গণনা করা হবে এবং ব্যালট বাক্সে দেওয়া তাঁদের রায় কার্যকর হবে।