শনিবার   ৩১ অক্টোবর ২০২৬   কার্তিক ১৫ ১৪৩৩   ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

নির্বাচন স্থগিত হওয়ায় কুনু-ফিরোজ প্যানেলের সভায় প্রতিবাদ

আজকাল রিপোর্ট

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:৫১ এএম, ৩১ অক্টোবর ২০২৬ শনিবার


 
মামলার কারণে বাংলাদেশ সোসাইটির ২৫ অক্টোবরের নির্বাচন স্থগিত হওয়ায় এর প্রতিবাদ ও ক্ষোভ জানিয়েছে নির্বাচনে প্রতিদ্বন্দ্বি ‘কুনু-ফিরোজ’ প্যানেল। এই নির্বাচন উপলক্ষ্যে ২৩ অক্টোবর শুক্রবার ছিলো নির্বাচনে প্রতিদ্বন্দ্বি ‘কুনু-ফিরোজ’ প্যানেলের শেষ পরিচিতি সভা। এই দিনই আদালত থেকে নির্বাচন স্থগিতের আদেশ আসে। 
ফলে ‘কুনু-ফিরোজ’ প্যানেলের পরিচিতি সভা পরিণত হয় পরামর্শ আর প্রতিবাদ সভায়। ঐদিন সন্ধ্যায় সিটির উডসাইডের গুলশান ট্যারেসে এই সভার আয়োজন করা হয়েছিলো। সভায় বক্তারা মামলার প্রেক্ষিতে সোসাইটির ইতিহাসে রেকর্ড ৩৫ হাজারের বেশি ভোটারের নির্বাচন স্থগিত হয়ে যাওয়ার কারণ, এজন্য কারা দায়ী প্রভৃতি বিষয়ে প্রশ্ন তোলার পাশাপাশি বর্তমান নেতৃত্বের তীব্র সমালোচনা করেন। আবার একাধিক বক্তা এই সভায় মামলা পরবর্তী পদক্ষেপ ও করনীয় নিয়েও বক্তব্য রাখেন। বক্তারা মামলার বাদী-বিদাদীর মধ্যকার সমঝোতার মাধ্যমে অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবী এবং অতি দ্রুত নির্বাচনের দাবী জানান। সভায় ‘কুনু-ফিরোজ’ প্যানের সভাপতি পদপ্রার্থী আজমাল হোসেন কুনু ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী ফিরোজ আহমেদসহ প্যানেলের নেতৃবৃন্দ সভায় উপস্থিত শত শত প্রবাসীর উপস্থিতিতে কৃতজ্ঞতা প্রকাশ করেন। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়।
সভায় বক্তব্য রাখেন সোসাইটির সাবেক প্রধান নির্বাচন কমিশনার নাসির খান পল, বাংলাদেশ সোসাইটি ও গ্রেটার নোয়াখালী সোসাইটির সাবেক সভাপতি আব্দুর রব মিয়া, নর্থ বেঙ্গল ফাউন্ডেশন ইউএসএ’র সভাপতি ডা. চৌধুরী সারোয়ারুল হাসান, ব্যবসায়ী গিয়াস আহমেদ, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট এমাদ চৌধুরী, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সাবেক সভাপতি মইনুল হক চৌধুরী হেলাল ও বদরুন নাহার খান মিতা, সোসাইটির সাবেকসহ সভাপতি ও কুইন্স নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ফারুক চৌধুরী, সোসাইটির সাবেক কর্মকর্তা নূরুল হক, ‘কুনু-ফিরোজ’ প্যানেলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান বেলাল মাহমুদ, কো-চেয়ারম্যান এবং বৃহত্তর কুমিল্লা সমিতি ইউএসএ’র সভাপতি ইউনুস সরকার, অর্থ কমিটির চেয়ারম্যান মইনুল ইসলাম, ব্রঙ্কস নির্বাচন পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা আলহাজ সোলায়মান ভূইয়া, রিয়াজুল জান্নাহ ইসলমিক সেন্টার সাবেক সভাপতি আবু বকর সিদ্দিক, নারায়নগঞ্জ জেলা সমিতি ইউএসএ’র সাবেক সভাপতি ও উপদেষ্টা মোহাম্মদ মহসীন, কুইন্স বাংলাদেশ সোসাইটির সভাপতি কাজী তোফায়েল ইসলাম, কমিউনিটি নেতা টি মোল্লা, জ্যামাইকা নির্বাচন পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা ভিপি জহির মোল্লা প্রমুখ।