আমেরিকার প্রতিটি শিশু জন্য স্পেসএক্সের শেয়ার
আজকাল রিপোর্ট
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০২:২৩ এএম, ২৪ অক্টোবর ২০২৬ শনিবার
আগামী বছর তিনি আমেরিকার প্রতিটা শিশুকে একটি করে স্পেসএক্স শেয়ার উপহার দিবেন প্রতিষ্ঠানটির মালিক বিশ্বের প্রথম ট্রিলিয়নার বর্তমান শীর্ষ ধনী ইলন মাস্ক। গতকাল তার নিজের প্ল্যাটফর্ম এক্স-এ (সাবেক টুইটার) তিনি এ ঘোষণা দেন মাস্ক। আর এটি এমন অনেক উদ্যোগের মধ্যে প্রথম বলেও জানিয়েছেন তিনি।
স্পেসএক্স চলতি বছরের জুনে পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমানে এর প্রতিটি শেয়ারের বাজারমূল্য প্রায় ১৪৬ ডলার থেকে ১৫০ ডলার।
মাস্কের এ ঘোষণা এসেছে মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের একটি উদ্যোগের পর।১৮ অক্টোবর প্রতিষ্ঠানটি জানায়, তাদের মোট শেয়ারের অন্তত ৫ শতাংশ একটি ‘পাবলিক বেনিফিট ফান্ডে’ দেবে। প্রতিষ্ঠানটির এই শেয়ারের মূল্য প্রায় ৪৮ বিলিয়ন ডলার।
মাস্ক মনে করেন, শেয়ারগুলো তহবিলে না রেখে সরাসরি জনগণের হাতেই তুলে দেওয়া উচিত। আর ঘোষণা দেন তিনি নিজেই ঠিক সেই কাজটাই করতে যাচ্ছেন। স্পেসএক্স-এর বর্তমান মূল্য প্রায় ২ ট্রিলিয়ন ডলারের কাছাকাছি। আমেরিকায় ১৮ বছরের কম বয়সী শিশু আছে প্রায় ৭ কোটি ৩০ লাখ। সবার হাতে একটা করে শেয়ার পৌঁছে দিতে গেলে খরচ পড়বে প্রায় ১১ বিলিয়ন ডলার। অপর দিকে মাস্কের মোট সম্পদ এখন প্রায় ১ ট্রিলিয়ন ডলার।
এদিকে শিশু-কিশোরদের জন্য এমন উদ্যোগ নতুন নয়। চলতি মাসেই যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় ১৮ বছরের কম বয়সীদের জন্য ‘ট্রাম্প অ্যাকাউন্টস’ নামে নতুন একটি ফেডারেল সঞ্চয় ও বিনিয়োগ কর্মসূচিতে স্বয়ংক্রিয়ভাবে লাখ লাখ শিশুকে অন্তর্ভুক্ত করেছে। ২০২৫ সালের শুরু থেকে ২০২৮ সালের শেষ পর্যন্ত জন্ম নেওয়া শিশুরা এ কর্মসূচির আওতায় এককালীন এক হাজার ডলারের সরকারি অনুদান পাওয়ার যোগ্য।
এছাড়া গত জুলাইয়ে স্পেসএক্সের প্রেসিডেন্ট গুইন শটওয়েল ও তার স্বামীও শেয়ার দানের ঘোষণা দিয়েছিলেন। তাদের প্রতিশ্রুতি অনুযায়ী, এরই মধ্যে অ্যাকাউন্ট খোলা প্রায় ২০ লাখ শিশুর প্রত্যেককে স্পেসএক্সের একটি করে শেয়ার দেওয়া হবে।
